শিক্ষা শহর

সংবিধানের পাঠে নেশামুক্ত যুব সমাজের অঙ্গীকার, পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে ‘বিকশিত ভারত যুব সংবাদ’

সংবিধানের পাঠে নেশামুক্ত যুব সমাজের অঙ্গীকার, পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে ‘বিকশিত ভারত যুব সংবাদ’

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


তরুণ প্রজন্মের মধ্যে সাংবিধানিক সচেতনতা বাড়ানো এবং নেশামুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্য নিয়ে সংবিধান দিবস পালিত হলো পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে। ‘মাই ভারত কেন্দ্র, পুরুলিয়া’ এবং বিশ্ববিদ্যালয়ের ‘এনএসএস ইউনিট টু’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের নাম ছিল ‘বিকশিত ভারত যুব সংবাদ: সংবিধান দিবস সংস্করণ’। জাতীয় স্তোত্র, এনএসএস সংগীত ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক তথা এনএসএস ইউনিট টু-এর প্রোগ্রাম অফিসার ডঃ গোরাচাঁদ চক্রবর্তী। এরপর উপস্থিত সকলে একসঙ্গে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য প্রসঙ্গে ডঃ গোরাচাঁদ চক্রবর্তী বলেন, “আজকে এনএসএস ইউনিট টু, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে থেকে আমাদের সংবিধান দিবস পালন হলো। তো এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে সংবিধান নিয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা, মেইনলি অ্যাওয়ারনেস তৈরি করা। কারণ সংবিধান হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের দেশের যে ইন্টিগ্রিটি রয়েছে সেটাকে রক্ষা করে”। তিনি আরও বলেন, “আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরও আমরা অর্গানাইজ করব, যাতে করে আমাদের ২০৪৭-এ যে মোদীজির যে নতুন ভারতবর্ষ বা উন্নত ভারতবর্ষ তৈরি করার যে পরিকল্পনা, সেটা যাতে বাস্তবায়িত হয়।”

এদিনের মঞ্চে বর্তমান সময়ে সংবিধানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী এবং রেজিস্ট্রার ডঃ গুরুদাস মণ্ডল। নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেন এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডঃ সঞ্জয় মণ্ডল ও পুরুলিয়া জে.কে. কলেজের অধ্যাপক ডঃ পঙ্কজ সরকার। পাশাপাশি সংবিধান দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ সৌমেন রায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব ও ক্রীড়া জগতের প্রতিনিধিদের বিশেষ উপস্থাপনা। ‘বিকশিত ভারত ২০৪৭’ এবং ‘বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ’-এই দুই বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন ইউথ আইকন সৌমিতা সিনহা, শুভদীপ মাহাতো এবং স্পোর্টস আইকন মিলন মুখার্জি। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।