ক্রাইম

রান্নাঘর থেকে বেডরুম, সর্বত্র তল্লাশি! অবৈধ মদের বিরুদ্ধে পুরুলিয়া পুলিশের চার দিনের বিশেষ অভিযান

পুলিশের হিসাব অনুযায়ী, প্রথম দিনেই এক হাজার লিটারের বেশি অবৈধ মদ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। পাশাপাশি ১০০ লিটারের বেশি মদ হয়েছে বাজেয়াপ্ত, ৪,২৪০ লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে। দায়ের হয়েছে ১৩টি নির্দিষ্ট মামলা, গ্রেফতার ১৩ জন।
রান্নাঘর থেকে বেডরুম, সর্বত্র তল্লাশি! অবৈধ মদের বিরুদ্ধে পুরুলিয়া পুলিশের চার দিনের বিশেষ অভিযান

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রান্নাঘর থেকে বেডরুম, তল্লাশিতে বাদ যাচ্ছে না কিছুই! গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ মদের কারবার রুখতে পুরুলিয়া জেলা পুলিশের জোরদার অভিযান। একদিনেই হাজার হাজার লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট, মদ বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩। বুধবার থেকে শুরু হওয়া চার দিনের বিশেষ অভিযানে প্রথম দিনের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও জেলার বিভিন্ন থানায় তল্লাশি অভিযান অব্যাহত।

পুলিশের হিসাব অনুযায়ী, প্রথম দিনেই এক হাজার লিটারের বেশি অবৈধ মদ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। পাশাপাশি ১০০ লিটারের বেশি মদ হয়েছে বাজেয়াপ্ত, ৪,২৪০ লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে। দায়ের হয়েছে ১৩টি নির্দিষ্ট মামলা, গ্রেফতার ১৩ জন।

বৃহস্পতিবারও জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। নিতুড়িয়া থানার পারবেলিয়া কোলিয়ারির ফিশ মার্কেট সংলগ্ন একটি হোটেল থেকে ১৫ বোতল দেশি মদ বাজেয়াপ্ত করা হয়। বেলডাঙা মাঠে প্রায় ১৫০ লিটার অবৈধ মদ নষ্ট করা হয়েছে। অন্য দিকে, মানবাজার থানার মানপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৪০ লিটার অবৈধ মদ নষ্ট করা হয়।

ঝালদা থানা এলাকায় বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার এক জন। পাড়া থানা এলাকায় অভিযানে গ্রেফতার দু’জন। বাজেয়াপ্ত হয়েছে ৩২ বোতল মদ, দায়ের হয়েছে দু’টি মামলা।

বাঘমুন্ডি থানার কুদনা, কুদলুং, রবিডি-সহ একাধিক গ্রামেও অভিযান চালানো হয়েছে। সেখানে ১৫ লিটার অবৈধ মদ এবং ৩০ লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক জনকে । তার কাছ থেকে ১০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত হয়েছে। এই ঘটনায় বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের ৪৬ ধারায় মামলা শুরু হচ্ছে।

বান্দোয়ান থানার সঙ্গে আবগারি দফতরের যৌথ অভিযান চলে মংলা, চিরুগোড়া, বান্দোয়ান, পারগোড়া, লাউপাল, কাইরা, কেশরা, বনগড়া-সহ একাধিক এলাকায়। ওই অভিযানে প্রায় ৪০০ লিটার অবৈধ চোলাই মদ এবং ২,৫৫০ লিটার মদ তৈরির উপকরণ  বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। অবৈধ মদ বিক্রির অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট মামলা শুরু করার প্রক্রিয়া চলছে।

সবচেয়ে বড় অভিযানগুলির মধ্যে ছিল আড়শা ও কোটশিলা থানার যৌথ অভিযান। আড়শা থানা ও আবগারি দফতরের যৌথ অভিযানে প্রায় ২,৫০০ লিটার মদ তৈরির উপকরণ এবং ১৫০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। কোটশিলা থানার জাবর গ্রামে যৌথ অভিযানে নষ্ট করা হয়েছে প্রায় ২,০০০ লিটার ফারমেন্টেড ওয়াশ এবং ৫০ লিটার অবৈধ মদ।

কেন্দা থানার সরদারডিহ, রাজাখেবড়া, মাঝিডি, ধবনি ও মকড়কা গ্রামেও অভিযান চলে। সেখান থেকে প্রায় ৬০ লিটার অবৈধ মদ এবং ৩০০ লিটার ফারমেন্টেড ওয়াশ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে।

চার দিনের এই বিশেষ অভিযানে অবৈধ মদের উৎপাদন, মজুত ও বিক্রি রুখতে জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি আরও জোরদার করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।