নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
প্রয়াত হলেন পুরুলিয়ার প্রবীণ কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা চঞ্চল মৈত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর প্রয়াণে জয়পুরের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
একসময় জয়পুরের রাজনীতিতে বেশ দাপট ছিল চঞ্চল মৈত্রের। ঘোর বাম আমলেও জয়পুর গ্রাম পঞ্চায়েতের দখল ধরে রেখেছিল কংগ্রেস। সেই রাজনৈতিক লড়াইয়ে চঞ্চল মৈত্রের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির স্নেহধন্য ছিলেন চঞ্চলবাবু। রায়গঞ্জে নিজের নির্বাচনী প্রচারেও তাঁকে সঙ্গে নিয়ে যেতেন দাশমুন্সি। পরিচয় করিয়ে দিতেন পুরুলিয়া জেলা পরিষদের বিরোধী দলনেতা হিসেবে। সেই সময় জেলা রাজনীতিতে চঞ্চল মৈত্র ছিলেন পরিচিত ও প্রভাবশালী মুখ।
পরবর্তী সময়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। জয়পুরে তৃণমূলের একেবারে শুরুর দিকের সংগঠন গড়ার সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরেও তাঁর মতো দক্ষ বক্তাকে দল যথাযথ ভাবে কাজে লাগায়নি বলে মনে করেন তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠদের একাংশ। পরে তৃণমূল জমানাতেই ফের পুরনো দল কংগ্রেসে ফিরে আসেন চঞ্চলবাবু। ব্যক্তিত্ব, বাগ্মিতা এবং রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন মিলিয়ে জয়পুরের রাজনীতিতে নিজের মতো একটি জায়গা তৈরি করেছিলেন তিনি।
মঙ্গলবার তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে আসেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, জেলা কংগ্রেস সভাপতি ফণীভূষণ কুমার, তৃণমূলের জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো প্রমুখ।