নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জেলার বিভিন্ন প্রান্তে বেআইনি চোলাই মদের কারবার রুখতে কড়া পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ। বুধবার সকাল থেকে হুড়া, পুঞ্চা, বাঘমুন্ডি, বোরো ও বলরামপুর জেলার এই পাঁচ থানা এলাকায় একযোগে চলে তল্লাশি ।
পুলিশ সূত্রে খবর, অভিযানে কয়েকশো লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়েছে । পাশাপাশি অবৈধ মদ বিক্রির অভিযোগে এক জনকে গ্রেফতারও করা হয়েছে।
হুড়া থানার বিভিন্ন এলাকায় হানা দিয়ে ৫০০ লিটার বেআইনি চোলাই মদ উদ্ধার করে তা নষ্ট করেছে পুলিশ। অন্যদিকে, পুঞ্চা থানা এলাকায় অভিযান চালিয়ে বেআইনি মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশ।
বাঘমুন্ডি থানার পুলিশ এ দিন হিকিমডি গ্রাম এবং চড়িদা গ্রামের দু’টি আলাদা জায়গায় অভিযান চালায়। সেখান থেকে ৪০ লিটার চোলাই মদ ও ১০০ লিটার উপকরণ নষ্ট করা হয়। একই ভাবে, পুরুলিয়া পুলিশ সুপারের নির্দেশে বোরো থানার জামতোরিয়া আইসি এলাকার রাখডি, কালাঝর্ণা, সোনকুরা ও কুদোগাড়া গ্রামে তল্লাশি চালানো হয়। ওই অভিযানে ৮০ লিটার চোলাই, ৬০০ লিটার উপকরণ এবং ৫টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি নষ্ট করা হয়েছে।
বলরামপুর থানা এলাকা ও বলরামপুর আবগারি সার্কেলের যৌথ উদ্যোগে একযোগে অভিযান চালানো হয়। আট জায়গা থেকে ৪৫ লিটার চোলাই মদ এবং ৪০০ লিটার উপকরণ বাজেয়াপ্ত হয়। আবগারি আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য বাজেয়াপ্ত সামগ্রী আবগারি দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে
জেলা পুলিশের দাবি, বেআইনি মদের উৎপাদন ও কারবারের বিরুদ্ধে এই বিশেষ অভিযান আগামী দিনেও একই রকম জোরদার ভাবে চলবে।