সুইটি চন্দ্র,বাঘমুন্ডি:
পুরুলিয়ায় পর্যটন ঘিরে বিরাট কেলেঙ্কারির হদিশ। সরকারি লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ। কোটি টাকার পর্যটন প্রকল্প! অথচ খুললই না দরজা! জঙ্গলের আড়ালে ঢাকা পড়েছে সরকারি সম্পত্তি? কীসের খেলা চলছে খয়রাবেড়া টু-তে ? পর্যটনের নামে তৈরি ঝাঁ চকচকে কটেজ ঝোপঝাড়ে ঢেকেছে, কোথাও চুরি যাচ্ছে দরজা, জানালা, গ্রিল থেকে আসবাবপত্র! তৃণমূল জমানায় সরকারি অর্থে তৈরি পর্যটন প্রকল্প এখন কার্যত ভুতুড়ে বাড়ি! সম্প্রতি মাঠা বনাঞ্চলে এক ব্যবসায়ীর রিসর্ট ঘিরে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রশ্ন তুলেছেন।
সাংসদ বলেছেন বেসরকারি পর্যটন প্রকল্পের কথা। আর এ যে রীতিমতো সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ করে গড়ে তোলা পর্যটন প্রকল্প! অন্যদিকে রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পরিপ্রেক্ষিতে খয়রাবেড়া টু নামের এই প্রকল্প এখন নতুন করে নতুন সরকারের আতস কাঁচের তলায়।
প্রশ্ন একাধিক। পরিকল্পনা ছাড়াই বিপুল সরকারি অর্থ খরচ কেন করা হলো বাঘমুন্ডির খয়রাবেড়া টু পর্যটন প্রকল্প ঘিরে?কার নির্দেশে বনদফতরের জমিতে নির্মাণকাজ শুরু হল? বনদফতরের ছাড়পত্র ছাড়াই কীভাবে এগোল প্রকল্প? আর এত টাকা খরচের পর তার দায় নেবে কে?
ঘটনার সূত্রপাত ২০১৭ সাল নাগাদ। তৃণমূল সরকারের দ্বিতীয় দফার জমানায় প্রায় ৩০ একর জমিতে খয়রাবেড়া টু প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণের কাজ শুরু করে রাজ্য পর্যটন বিভাগ। জলাধারের একেবারে গা ঘেঁষে, গভীর জঙ্গলের মধ্যে তৈরি হতে থাকে একের পর এক কটেজ। প্রকল্পের জন্য জঙ্গলও কাটা হয় বলে অভিযোগ উঠেছে।
সব মিলিয়ে তৈরি হয়েছিল ছ'টি কটেজ। পরিকল্পনা ছিল, খয়রাবেড়ায় পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার। কিন্তু সেই স্বপ্নের প্রকল্পেই শেষ পর্যন্ত পড়ে গেল তালা!
কেন্দ্রের বনমন্ত্রকের ছাড়পত্র না মেলায় আজও চালু করা যায়নি খয়রাবেড়া টু। ফলে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির গ্রাসে হারিয়ে যাচ্ছে নির্মাণ। অভিযোগ, চুরি হয়ে যাচ্ছে কটেজের দরজা, জানালা, গ্রিল-সহ নানা সামগ্রী। সবচেয়ে বড় প্রশ্ন, ২০১৭ সালে যখন জঙ্গলের মধ্যে এই বিপুল নির্মাণকাজ শুরু হল, তখন বনদফতরের নজর এড়াল কীভাবে? জমির চরিত্র না জেনেই কি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল? নাকি সব জেনেশুনেই সরকারি অর্থ ঢালা হয়েছিল এই প্রকল্পে?
এখানেই শেষ নয়। ২০১৬-১৭ আর্থিক বছরের জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান থেকেও এই প্রকল্পের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল ৩৫ লক্ষ ৭ হাজার টাকা। আজও প্রকল্পের সীমানায় সেই বরাদ্দের বোর্ড। তবে সেটি দেখতে গেলেও সরাতে হয় ঝোপঝাড়!
অন্যদিকে খয়রাবেড়া টু-র আগেই, ২০১২-১৩ সাল নাগাদ খয়রাবেড়া জলাধারের পাশে গড়ে উঠেছিল মূল পর্যটন প্রকল্প। তিনটি কটেজ ও তিনটি তাঁবু নিয়ে শুরু হওয়া সেই প্রকল্প পরে নিতান্ত স্বল্প মূল্যে লিজ দেওয়া হয় কলকাতার একটি সংস্থাকে। এখনও ওই সংস্থার তত্ত্বাবধানেই চলছে পর্যটনকেন্দ্রটি। কিন্তু সেখানে থাকা-খাওয়ার খরচ সাধারণ মধ্যবিত্ত পর্যটকদের নাগালের বাইরে।
পুরুলিয়ার পর্যটন কেন এত দামি, সেই প্রশ্নও উঠেছে একাধিকবার। জুলাই মাসে বলরামপুরে পর্যটন বিষয়ক সম্মেলনে পর্যটন মন্ত্রী শংকর ঘোষের সামনে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জেলার পর্যটন প্রকল্পের চড়া খরচ নিয়ে সরব হয়েছিলেন।
সেকারণেই প্রশ্ন উঠছে পর্যটনের নামে সরকারি টাকার এই অপচয়ের দায় নেবে কে? খয়রাবেড়া টু-র দরজা কি কোনও দিন খুলবে, নাকি জঙ্গলের আড়ালেই হারিয়ে যাবে কোটি টাকার প্রকল্প? উত্তর তো চাইবেনই পুরুলিয়ার মানুষ।