অন্যান্য ব্লক

১৫৮ কোটি টাকার অভয়ারণ্য! ১৩ হাজার মানুষকে রেখেই বদলে যাবে পুরুলিয়া, শুরু কাজের প্রস্তুতি

প্রস্তাবিত প্রকল্পে ট্রেকিং, রক ক্লাইম্বিং, ক্যাম্পিং, নেচার ও বার্ড ট্রেইল, প্রকৃতি পাঠশালা, পর্যবেক্ষণ টাওয়ার, ইকো গাইড, বাটারফ্লাই গার্ডেন এবং জিপসি সাফারির মতো একাধিক পরিকল্পনা রয়েছে।
১৫৮ কোটি টাকার অভয়ারণ্য! ১৩ হাজার মানুষকে রেখেই বদলে যাবে পুরুলিয়া, শুরু কাজের প্রস্তুতি

 

সুইটি চন্দ্র, ঝালদা:

জঙ্গল থাকবে, বন্যপ্রাণীরা থাকবে, থাকবে গ্রামের মানুষও! বন সংরক্ষণ আর স্থানীয় মানুষের জীবন-জীবিকার মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরুলিয়ার কোটশিলা ও ঝালদা বনাঞ্চলকে ঘিরে গড়ে উঠতে চলেছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বন ও পর্যটন প্রকল্প। ৩৬০৯ হেক্টরেরও বেশি বনভূমি, ২১টি মৌজা এবং ১৩ হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দাকে নিয়েই প্রস্তাবিত এই অভয়ারণ্য। আগামী পাঁচ বছরে প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৮ কোটি টাকা। চলতি আর্থিক বছরেই কাজ শুরুর লক্ষ্যে এগোচ্ছে বনদপ্তর।

কেবল বন্যপ্রাণ সংরক্ষণ নয়, এই প্রকল্পের পরিকল্পনায় রয়েছে পর্যটন, প্রকৃতিপাঠ, স্থানীয় কর্মসংস্থান এবং বনাঞ্চলকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সম্ভাবনা। বুধবার ঝালদার বনাঞ্চল কার্যালয়ে বৈঠক এবং প্রস্তাবিত এলাকা পরিদর্শনের পর এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ।

কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটকে কেন্দ্র করে গড়ে উঠবে এই প্রস্তাবিত অভয়ারণ্য। বনাঞ্চলটির জীববৈচিত্র্যও প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। হানি ব্যাজার, শ্লথ বিয়ার, চিতাবাঘ, রাস্টি-স্পটেড ক্যাটের মতো প্রাণীর পাশাপাশি হাতি, হায়েনা, নেকড়ে ও প্যাঙ্গোলিনের উপস্থিতি এই বনভূমিকে সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে।

তবে প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নয়, তাঁদের রেখেই সংরক্ষণের পরিকল্পনা। বনকে ঘিরে বসবাসকারী মানুষের সঙ্গে বনদপ্তরের সমন্বয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের একাংশের মতে, অভয়ারণ্য তৈরি হলে ঝাড়খণ্ড-বাংলা সীমান্তবর্তী এই অঞ্চলে পর্যটন ও ব্যবসার নতুন সুযোগ তৈরি হতে পারে। চামতি ঘাটি ও চামতি জলপ্রপাতের মতো পর্যটনস্থলগুলিকে ঘিরেও বাড়তে পারে মানুষের আনাগোনা। স্থানীয় কৃষক, ছোট ব্যবসায়ী ও পর্যটননির্ভর কর্মীদের জন্য খুলতে পারে নতুন সম্ভাবনার দরজা।

প্রস্তাবিত প্রকল্পে ট্রেকিং, রক ক্লাইম্বিং, ক্যাম্পিং, নেচার ও বার্ড ট্রেইল, প্রকৃতি পাঠশালা, পর্যবেক্ষণ টাওয়ার, ইকো গাইড, বাটারফ্লাই গার্ডেন এবং জিপসি সাফারির মতো একাধিক পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, শুধু জঙ্গল দেখার পর্যটন নয়, প্রকৃতিকে জানার ও জঙ্গলের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরির ভাবনা রয়েছে প্রকল্পে।

বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, প্রস্তাবটি জেলা প্রশাসনের মাধ্যমে তৈরি করে ক্যাবিনেটে পাঠানো হবে। আগামী দু'-তিন মাসের মধ্যে অনুমোদন পাওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে বন্যপ্রাণীদের চলাচলের ক্ষেত্রে এই বনাঞ্চল গুরুত্বপূর্ণ। সংরক্ষণ করা গেলে বনভূমি বন্যপ্রাণীদের নিরাপদ চলাচলের করিডর হিসেবেও ভূমিকা নিতে পারে।

একই সঙ্গে বনভূমিতে বেআইনি নির্মাণ ও রিসোর্টের অভিযোগের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। বনদপ্তরের কর্মীসংখ্যার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। আপাতত ডেপুটেশনে কর্মী আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, পরে ধাপে ধাপে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

জানুয়ারির ১৮ তারিখ নাগাদ প্রকল্পের অগ্রগতি দেখতে ফের পুরুলিয়ায় আসার কথা বনমন্ত্রীর।

অভয়ারণ্য ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশাও কম নয়। তাঁদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বন ও বন্যপ্রাণ সংরক্ষণ নয়, এলাকার অর্থনৈতিক ছবিতেও বদল আসতে পারে। ঝাড়খণ্ড ও বাংলার সীমান্তবর্তী এই এলাকায় কৃষিপণ্য বিক্রি, স্থানীয় ব্যবসা এবং পর্যটনকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার আশা করছেন বাসিন্দারা। চামতি ঘাটি ও চামতি জলপ্রপাতের মতো পর্যটনস্থলগুলিকে আরও আকর্ষণীয় করে তোলা গেলে এলাকার মানুষের রুজি-রোজগারের পথও প্রশস্ত হতে পারে।

গ্রামবাসী শম্ভুনাথ চন্দ্রের কথায়, অভয়ারণ্য তৈরি হলে এলাকার দীর্ঘদিনের আশা পূরণ হবে। তাঁর মতে, বন ও পর্যটনকে ঘিরে উন্নয়নের সুযোগ তৈরি হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও বাড়বে। সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে এই প্রকল্প নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

তবে জঙ্গলের সঙ্গে সহাবস্থান যে তাঁদের কাছে নতুন কিছু নয়, সেই কথাও উঠে এসেছে স্থানীয়দের বক্তব্যে। গ্রামবাসী পরেশনাথ গরাঁই জানান, এলাকায় ভল্লুক ও অন্যান্য বড় বন্যপ্রাণীর দেখা মেলে। কিন্তু মানুষ সাধারণত প্রাণীদের থেকে দূরত্ব বজায় রাখে। তাঁর কথায়, বন্যপ্রাণীকে কাছে গিয়ে বিরক্ত করা বিপজ্জনক। লোকালয়ে হরিণ বা তার শাবক চলে এলে গ্রামবাসীরা বনদপ্তরকে খবর দেওয়ার উদ্যোগ নেন। বনাঞ্চল ও গ্রামের মধ্যে এমন সহাবস্থানের অভিজ্ঞতা থেকেই তাঁর আশা, সংরক্ষণের উদ্যোগ স্থানীয়দের সহযোগিতায় এগিয়ে যাবে।

বন্যপ্রাণীর সঙ্গে এই সহাবস্থান অবশ্য ঝুঁকিমুক্ত নয়। অতীতে বন্যপ্রাণী ঘিরে বিপদের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের দাবি। তাই অভয়ারণ্য গড়ে ওঠার পাশাপাশি বনদপ্তরের নজরদারি, সচেতনতা এবং মানুষ-বন্যপ্রাণ সংঘাত মোকাবিলার ব্যবস্থা আরও জোরদার হওয়া জরুরি বলেও মনে করছেন এলাকার বাসিন্দারা।