রাজনীতি অন্যান্য

রেকর্ড সোমবার নবান্নে, আদিবাসীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, বৈঠক কুড়মিদের সঙ্গেও

একদিকে আদিবাসী, অন্যদিকে কুড়মি —সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে উভয় সম্প্রদায়ের ঐতিহাসিক বৈঠক। সোমবার নবান্নে বৈঠক দুটি আয়োজিত হয়।
রেকর্ড সোমবার নবান্নে, আদিবাসীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, বৈঠক কুড়মিদের সঙ্গেও

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

একদিকে আদিবাসী, অন্যদিকে কুড়মি —সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে উভয় সম্প্রদায়ের ঐতিহাসিক বৈঠক। বৈঠকে কুড়মিদের জনজাতিভুক্ত করার দাবি নিয়ে কোনও  আলোচনা না হলেও, ভুয়ো শংসাপত্র, হস্টেল ও বনাধিকারের মতো বিষয়গুলিতে রাজ্য প্রশাসনের দ্রুত পদক্ষেপের আশ্বাসে আপাতত সন্তুষ্ট বলে জানালেন ইউনাইটেড  ফোরাম অফ   অল  আদিবাসী  অর্গানাইজেশনের যুগ্ম আহ্বায়ক মিতন টুডু। অন্যদিকে, নিজেদের জাতিসত্তা ও অষ্টম তফসিলের দাবিকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করে বৈঠককে সার্বিকভাবে ‘সদর্থক’ বলে দাবি করেছেন   আদিবাসী কুড়মি সমাজের  মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো।
বৈঠকের শেষে মিতন টুডু জানান, "কুড়মিদের জনজাতিভুক্ত করা নিয়ে বিতর্কের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কথাই মুখ্যমন্ত্রী বলেছেন এবং এ বিষয়ে বিশদ আলোচনা হয়নি। তবে তাঁদের অন্যান্য একাধিক দাবি নিয়ে কথা হয়েছে"। মিতনের কথায়, ভুয়ো সার্টিফিকেট এবং বাতিল হয়ে যাওয়া শংসাপত্র নিয়ে যাঁরা এখনও চাকরি করছেন, সেসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, বন্ধ থাকা হস্টেলগুলি জানুয়ারির মধ্যেই চালু করার পথ খোঁজা হচ্ছে বলে আশ্বাস মিলেছে। ‘হো’ এবং ‘মুন্ডা’—এই দু’টি ডেভেলপমেন্ট বোর্ড দ্রুত গঠনের পাশাপাশি বনাধিকারের স্বীকৃতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। শংসাপত্র সংক্রান্ত একটি নির্দিষ্ট ঘটনায় মুখ্যমন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপ ও প্রশাসনিক তৎপরতার কথাও তুলে ধরেন মিতেল।

আপাতত বৈঠকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করলেও হুঁশিয়ারির সুরও রেখেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, “পরবর্তী পর্যায়ে যদি ইমপ্লিমেন্ট একেবারে না হয়, তখন তো আমরা অবশ্যই আলোচনা আবার করব। যদি না হয়, তখন অসন্তুষ্টির কথা নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন।” আগামী ১ ডিসেম্বর তারিখের নির্ধারিত বৈঠক প্রসঙ্গে তিনি জানান, সেটি ভারত জাকাত মাঝি পরগণার সঙ্গে মূলত হবে এবং সেখানে সাঁওতালি জাহেরথান, মাঝিথান সংক্রান্ত নিজস্ব দাবিগুলি তুলে ধরা হবে।

অন্যদিকে, বৈঠক প্রসঙ্গে অজিত প্রসাদ মাহাতো জানান, তাঁদের মূল দাবি ছিল জাতিসত্তার বিষয়টি এবং তা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। অষ্টম তফসিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধাপে ধাপে বিষয়গুলি এগোচ্ছে এবং পার্লামেন্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা। বিরোধী আদিবাসী সংগঠনগুলির নানা অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অজিতবাবু। তাঁর কথায়, "ওরা করুক নিজের নিজের মতো করে যেটা চায়, করুক"।
বৈঠকে প্রাইমারি শিক্ষক নিয়োগ স্থানীয় স্তরে করার পাশাপাশি কারখানার শ্রমিকদের নিয়মমতো মজুরি ও নিয়োগপত্র দেওয়ার দাবিও উঠেছে বলে জানান তিনি। এছাড়া  বালির দাম কমানোর বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।