সাধারণ খবর শহর

টোটো নিয়ে নয়া নিয়ম, ডিসেম্বরেই আমূল বদলে যাবে পুরুলিয়ার ট্রাফিক : এসপি

বৃহস্পতিবার শহরের ইউনিয়ন ক্লাব মোড় ও হাটের মোড়ে আরও দুটি নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করলেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ।
টোটো নিয়ে নয়া নিয়ম, ডিসেম্বরেই আমূল বদলে যাবে পুরুলিয়ার ট্রাফিক : এসপি

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

শহরের যানজট সমস্যা মেটাতে বৃহস্পতিবার শহরের ইউনিয়ন ক্লাব মোড় ও হাটের মোড়ে আরও দুটি নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করলেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শহরের টোটো চলাচলে কড়া নিয়ন্ত্রণ জারি হতে চলেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিনের দুটি নিয়ে পুরুলিয়া শহরে মোট পাঁচটি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হল। এর আগে রাঘবপুর মোড়, জজ বাংলো মোড় এবং রঘুনাথপুর থানার মূল মোড়ে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। পাশাপাশি, গত পাঁচ মাসে বলরামপুর, আদ্রা, হুড়া ও রঘুনাথপুরে চারটি নতুন ট্রাফিক গার্ডও তৈরি হয়েছে।

যানজট নিয়ন্ত্রণে সবথেকে বড় বদল আসতে চলেছে টোটো চলাচলে। পুলিশ সুপার কুমার শানি রাজ জানান, "নম্বরপ্লেটহীন অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতিমধ্যেই সেগুলিকে রাস্তা থেকে সরানো হয়েছে। বর্তমানে শহরে আঞ্চলিক পরিবহণ দফতরের (আরটিও) নথিভুক্ত  ৮৫০ থেকে ৯০০টি বৈধ টোটো রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই টোটোগুলির জন্য নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। কোন টোটো কোন পথে চলবে এবং কোথায় ‘নো এন্ট্রি’ থাকবে, তা চিহ্নিত করতে প্রতিটি টোটোতে বিশেষ স্টিকার ও জাল-রোধী ‘হলোগ্রাম’ লাগানো থাকবে। এ ছাড়া বাইরের ব্লক এলাকা থেকে আসা টোটোগুলির শহরে প্রবেশের ক্ষেত্রেও মূল পয়েন্টগুলিতে পুলিশি নজরদারি থাকবে"।

নতুন এই ব্যবস্থা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘‘সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ট্রাফিক ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। ডিএসপি ট্রাফিক এবং আরটিও-র সঙ্গে বৈঠক করে আমরা শহরের টোটো নিয়ন্ত্রণের পুরো পরিকল্পনা সেরে ফেলেছি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এটি চালু হবে। তবে প্রথম দিকে কোথাও কোনো সমস্যা হলে স্থানীয় বাসিন্দা ও ট্রাফিক কর্মীদের মতামত নিয়ে প্রয়োজনীয় রদবদল করা হবে।’’

টোটোর পাশাপাশি বাসের যত্রতত্র দাঁড়ানো রুখতেও সক্রিয় হয়েছে প্রশাসন। শহরের বাইরে নতুন বাসস্ট্যান্ড তৈরি না হওয়া পর্যন্ত ভিড় সামলাতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট রাস্তায় ‘ওয়ান-ওয়ে’ ব্যবস্থা চালু করা হয়েছে। রাস্তার ওপর বাস দাঁড়ানো আটকাতে অতিরিক্ত সিভিক ভলান্টিয়ার মোতায়েন করার কথাও জানিয়েছেন পুলিশ সুপার। পুজোর মরশুম নির্বিঘ্নে কাটার পর এ বার গোটা ডিসেম্বর মাস জুড়েই শহরের ট্রাফিক ব্যবস্থাকে সাজানোই মূল লক্ষ্য জেলা পুলিশের।