সুইটি চন্দ্র, পুরুলিয়া:
আর মিনি নয়, এবার পূর্ণাঙ্গ চিড়িয়াখানা! পুরুলিয়ার সুরুলিয়া জু-কে ঘিরে এবার আরও বড় পরিকল্পনা রাজ্যের। একদিকে আসছে জোড়া চিতা, অন্যদিকে ২০ হেক্টর জমিতে গড়ে উঠতে চলেছে এশিয়াটিক লায়ন সাফারি। চিড়িয়াখানার পরিসর বাড়িয়ে প্রায় ৬০ হেক্টর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার পুরুলিয়া সফরে এসে এমনই একাধিক সুখবর শোনালেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাঁও। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রেসকিউ সেন্টার থেকে সুরুলিয়ায় আনা হচ্ছে ৯ বছরের পুরুষ চিতাবাঘ 'লক্ষ্য' এবং ১১ বছরের মাদি চিতাবাঘ 'ঢালিয়া'। নতুন বছরের উপহার হিসেবে পুরুলিয়ার পর্যটকদের জন্য এই চিতাবাঘের জোড়া আসছে বলে জানান বনমন্ত্রী। দীর্ঘদিন ধরে পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় সুরুলিয়ায় চিতাবাঘ আনার উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এ বার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এ দিন সুরুলিয়া মিনি জু পরিদর্শন করেন বনমন্ত্রী। ঘুরে দেখেন চিতাবাঘ রাখার জন্য তৈরি এনক্লোজার। শুধু চিতাবাঘ আনাই নয়, পর্যটন আকর্ষণ বাড়াতে গোটা চিড়িয়াখানার সম্প্রসারণ করে জঙ্গলমহলে প্রথম এশিয়াটিক লায়ন সাফারি তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে পুরুলিয়াতেই। সুরুলিয়া জু-র সম্প্রসারণে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে সাজানো সেই পরিকল্পনা চলতি বছরের ২৮ ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির কাছে জমা পড়বে বলে জানা গিয়েছে। এদিন বনমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন বিভাগীয় রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামি এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি।
পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজকুমার ওরাঁও বলেন, "এনক্লোজারের কাজ প্রায় শেষের পথে, সিসিটিভি বসানোর কাজ বাকি রয়েছে; সব ঠিক থাকলে আগামী জানুয়ারির ১৮ তারিখের কাছাকাছি ‘লক্ষ’ ও ‘ডালিয়া’ নামে দুটি লেপার্ড সেখানে ছাড়া হবে। বর্তমানে মিনি জু-র ৬.৯ হেক্টর এলাকা বাড়িয়ে প্রায় ৬০ হেক্টর করার পাশাপাশি লায়ন সাফারি ও ভবিষ্যতে টাইগার এনক্লোজারের প্রস্তাব পাঠানো হবে, যাতে পর্যটকদের ভিড় ১০ থেকে ১২ গুণ বাড়িয়ে মিনি জু-কে পূর্ণাঙ্গ জু-তে রূপান্তর করা যায়।" সংকীর্ণ রাস্তা নিয়ে উদ্বেগের জবাবে তিনি জানান যে জাতীয় সড়ক থেকে সরাসরি যাতায়াতের জন্য বিকল্প পথ তৈরির বিষয়ে ডিএম, আধিকারিক ও বিধায়কদের সঙ্গে কথা হয়েছে এবং তাঁরা আশ্বাস দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত বনের দুই কিলোমিটারের মধ্যে সম্ভাব্য খনিজ বা রেয়ার আর্থ মিনারেল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলে আশ্বস্ত করেন এবং বনরক্ষায় সকলের ইতিবাচক প্রস্তাব গ্রহণের কথা জানান।
১৯৯৮ সালে বামফ্রন্ট সরকারের উদ্যোগে ৬.৯ হেক্টর জমিতে গড়ে উঠেছিল সুরুলিয়া ডিয়ার পার্ক। ২০০৫ সালে সেই ডিয়ার পার্কেরই রূপান্তর ঘটে মিনি জু-তে। এ বার সেই মিনি জু-কে পূর্ণাঙ্গ চিড়িয়াখানায় পরিণত করার পরিকল্পনা। বর্তমান পরিসরের সঙ্গে আরও ৫২.৬ হেক্টর জমি যুক্ত হলে চিড়িয়াখানার মোট আয়তন দাঁড়াবে ৫৯.৫ হেক্টর। তার মধ্যে ২০ হেক্টর এলাকা জুড়ে তৈরি হবে লায়ন সাফারি।
পর্যটকদের থাকার জন্য চিড়িয়াখানার সম্প্রসারিত অংশে তৈরি করা হবে পর্যটক আবাস। বাড়বে নজরদারি ও পর্যটকদের সুবিধাও। নতুন করে তৈরি হবে চারটি ওয়াচ টাওয়ার। বর্তমানে রয়েছে একটি। এনক্লোজারের সামান্য মেরামতি এবং কয়েকটি সিসিটিভি বসানোর কাজ বাকি রয়েছে বলে সূত্রের খবর। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে অযোধ্যা পাহাড়, মুরগুমা, খয়রাবেড়া, জয়চণ্ডী পাহাড়ের পাশাপাশি নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে সুরুলিয়া।