নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
যেন কলকাতা ও বীরভূমের পুনরাবৃত্তি না ঘটে। তাই
সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য প্রশাসন। অগ্নিদগ্ধ হয়ে ১৮ জন প্রাণ হারানোর মতো মর্মান্তিক ঘটনার পর তৎপর পুরুলিয়া জেলা প্রশাসন।
জরুরি ভিত্তিতে জেলাশাসক এবং পুলিশ সুপারের বিশেষ নির্দেশে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে আয়োজিত হলো এক যৌথ পরিদর্শনের। প্রশাসনিক স্ক্যানারে মূলত ছিল হাসপাতালের বিভিন্ন মূল ভবন এবং ছাত্রছাত্রীদের হোস্টেলগুলি।
পরিদর্শনের কেন্দ্রবিন্দুতে যে সমস্ত বিষয় প্রাধান্য পেয়েছে, সংকটের সময় দ্রুত বেরোনোর জন্য জরুরি পথ খোলা রয়েছে কি না। অনুমোদিত নকশা ভেঙে বা বেআইনি কোনো নির্মাণ করে যাতায়াতের পথ রুদ্ধ করা হয়েছে কি না। ফায়ার এক্সটিংগুইশার, ওয়াটার স্প্রিঙ্কলার বা ফায়ার অ্যালার্মগুলি সঠিকভাবে সচল রয়েছে কি না।
অগ্নিসুরক্ষায় যাতে বিন্দুমাত্র গাফিলতি না থাকে, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া বার্তা দেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটার পর হাহাকার না করে, অগ্নিকাণ্ডের উৎসকেই আগেভাগে রুখে দেওয়া এই নীতিতেই জোর দিচ্ছে প্রশাসন।
এদিনের যৌথ পরিদর্শনের নেতৃত্বে ছিলেন পুরুলিয়া ২ ব্লকের বিডিও , মফস্বল থানার আইসি এবং পুরুলিয়া দমকল বিভাগের ওসি । হাসপাতাল চত্বরে রোগী ও পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী দিনেও এই ধরণের রুটিন নজরদারি জারি থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।