অন্যান্য

নতুন নিম্নচাপের ভ্রুকুটি, পুরুলিয়ায় ফের ভারী বৃষ্টির আশঙ্কা

রবিবার জেলায় গড়ে ১৬.৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালদায়—৩৫.৮ মিলিমিটার। পাড়ায় ৩০.৪, কাশিপুরে ২২.২, সাঁতুড়িতে ১৯.৪ এবং বলরামপুরে ১৮.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
নতুন নিম্নচাপের ভ্রুকুটি, পুরুলিয়ায় ফের ভারী বৃষ্টির আশঙ্কা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। তার জেরে বর্ষার শেষভাগে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে পুরুলিয়ায়। এর মধ্যেই রবিবার জেলায় গড়ে ১৬.৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালদায়—৩৫.৮ মিলিমিটার। পাড়ায় ৩০.৪, কাশিপুরে ২২.২, সাঁতুড়িতে ১৯.৪ এবং বলরামপুরে ১৮.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকায় একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবে রাজ্যের আবহাওয়ার ফের পরিবর্তন হতে পারে। নিম্নচাপের গতিপথ ও শক্তি অনুযায়ী পুরুলিয়ায় ভারী বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

সোমবার রাজ্যের সব জেলাতেই ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।

ফলে গত কয়েক দিনের বৃষ্টিতে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাওয়া পুরুলিয়ার বৃষ্টির ঘাটতি নতুন নিম্নচাপের বৃষ্টিতে আরও কমবে, নাকি অতিবৃষ্টিতে নতুন করে দুর্ভোগ বাড়বে—সেদিকেই নজর এখন।