সাধারণ খবর শহর

নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে ঝালদার চুনাভাট্টি, ক্ষোভে অবরোধ বাসিন্দাদের

টানা বৃষ্টির জেরে ঝালদা পুরসভার চুনা ভাট্টি কলোনিতে তৈরি হয়েছে এক চরম মানবিক সংকট। কলোনির পাশের উপচে পড়ছে প্রবল স্রোতে জল ঢুকছে একের পর এক বসতবাড়িতে। একই সঙ্গে রাস্তার একাংশ ধসে গিয়ে কয়েকটি পরিবার কার্যত বিচ্ছিন্ন দ্বীপের রূপ নিয়েছে।
নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে ঝালদার চুনাভাট্টি, ক্ষোভে অবরোধ বাসিন্দাদের

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ঘরের মেঝেময় নদীর জল, আর বাইরে বেরোনোর একমাত্র রাস্তাটাই চলে গিয়েছে খাদে! টানা বৃষ্টির জেরে ঝালদা পুরসভার চুনা ভাট্টি কলোনিতে তৈরি হয়েছে এক চরম মানবিক সংকট। কলোনির পাশের  উপচে  পড়ছে প্রবল স্রোতে জল ঢুকছে একের পর এক বসতবাড়িতে। একই সঙ্গে রাস্তার একাংশ ধসে গিয়ে কয়েকটি পরিবার কার্যত বিচ্ছিন্ন দ্বীপের রূপ নিয়েছে।

বছরের পর বছর একই দুর্দশার শিকার হয়ে মঙ্গলবার ধৈর্য হারান এলাকাবাসী। সমস্যার পাকাপাকি সমাধানের দাবিতে তারা নেমে আসেন রাঁচি-পুরুলিয়া সড়কে। বীরেন চন্দ্রের মতো প্রবীণ বাসিন্দারা জানান, "বৃষ্টি হলেই ঘুম উড়ে যায়। প্রতিবার বলা হয় জল সরানোর ব্যবস্থা হবে, কিন্তু বর্ষা আসলেই আমরা একই নরকযন্ত্রণার মুখোমুখি হই।"

খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে নিকাশি সংস্কারের বিষয়ে উদ্যোগের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।