সাধারণ খবর শহর

সবজির মার্কেটে কালোবাজারি হচ্ছে না তো ? বিভিন্ন দপ্তরকে নিয়ে ছুটির রবিবারে সারপ্রাইজ ভিজিট পুরুলিয়া পুলিশের

নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বেআইনি মজুতদারি এবং অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা বন্ধ করতে কড়া অবস্থান নিল জেলা প্রশাসন। রবিবার পুরুলিয়া জেলা জুড়ে একযোগে চলল অভিযান। জেলা পুলিশ, কৃষি দপ্তর, স্থানীয় প্রশাসন ও পুর কর্তৃপক্ষের যৌথ প্রতিনিধি দল একযোগে একাধিক বাজারে সারপ্রাইজ ভিজিট চালায়।
সবজির মার্কেটে  কালোবাজারি হচ্ছে না তো ? বিভিন্ন দপ্তরকে নিয়ে ছুটির রবিবারে সারপ্রাইজ ভিজিট পুরুলিয়া পুলিশের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: 

নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বেআইনি মজুতদারি এবং অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা বন্ধ করতে কড়া অবস্থান নিল জেলা প্রশাসন। রবিবার পুরুলিয়া জেলা জুড়ে  একযোগে চলল অভিযান। জেলা পুলিশ, কৃষি দপ্তর, স্থানীয় প্রশাসন ও পুর কর্তৃপক্ষের যৌথ প্রতিনিধি দল একযোগে একাধিক বাজারে সারপ্রাইজ ভিজিট চালায়।

অভিযানের মূল নজর ছিল কাঁচালঙ্কা ও পেঁয়াজের ওপর। বাজারে যাতে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম না নেওয়া হয়, তা নিশ্চিত করতে পেঁয়াজ ও কাঁচালঙ্কার খুচরা বিক্রেতা ও আড়তদারদের মজুত খতিয়ে দেখেন আধিকারিকরা। সরকারি নিয়ম মেনে কেনাবেচা হচ্ছে কিনা এবং অযথা দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলা হচ্ছে কিনা তা পরীক্ষা করা হয়। উভোক্তাদের স্বার্থে কোনওরকম সমঝোতা  করা হবে না। কৃত্রিম সংকট তৈরি বা অসাধু ব্যবসা চালানোর চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পান, তা সুনিশ্চিত করাই এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্য। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পরিদর্শন কেবল একদিনের নয়, কৃত্রিম মূল্যবৃদ্ধি ও কালোবাজারি সম্পূর্ণরূপে রুখতে সমগ্র  জেলা জুড়ে আগামী দিনেও এই ধরণের আচমকা অভিযান অব্যাহত থাকবে।