নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পরপর কয়েক দিনের ভারী বৃষ্টির পর পুরুলিয়ায় ফের বৃষ্টির পরিমাণ কমল। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, ২০ আগস্ট জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৪৪ মিলিমিটার। সাঁতুড়িতে সর্বোচ্চ ৫.৪ মিলিমিটার এবং হাতোয়ারায় ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জেলার বাকি ১১টি স্টেশনে কোনও বৃষ্টিপাত হয়নি।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ২০.৯ ডিগ্রি। টানা বৃষ্টির পর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির নীচে নামায় সকাল ও রাতের দিকে আবহাওয়ায় হালকা শীতলতার অনুভূতিও ছিল।
১৭ ও ১৮ আগস্টের প্রবল বৃষ্টিতে জেলার বৃষ্টির ঘাটতি অনেকটাই কমে এসেছিল। এরপর দু’দিন ধরে বৃষ্টি প্রায় বন্ধ। ফলে বর্ষার বাকি সময়ে ফের বৃষ্টি বাড়ে কি না, এখন সেদিকেই নজর পুরুলিয়ার।