নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কয়েক দিন টানা বৃষ্টির পর ফের ভ্যাপসা গরমে নাজেহাল পুরুলিয়াবাসী। ২১ আগস্ট জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও তা রেকর্ড করার মতো পরিমাণে পৌঁছায়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৯ ডিগ্রি।
তাপমাত্রা খুব বেশি না থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যধিক থাকায় চরম অস্বস্তি ফিরে এসেছে। সকাল থেকেই গুমোট পরিবেশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম ও অস্বস্তি আরও বাড়ে। বৃষ্টি না হওয়ায় সেই অস্বস্তি থেকে স্বস্তি মেলেনি।
১৭ ও ১৮ আগস্টের প্রবল বৃষ্টির পর গত কয়েক দিন ধরে পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ ফের কমেছে। ফলে এখন বর্ষার বাকি সময়ে বৃষ্টি কতটা হয়, তার উপরেই নির্ভর করছে জেলার বৃষ্টির ঘাটতি পুরোপুরি মেটে কি না।