সাধারণ খবর শহর

মানুষের পাশে আমডিহা দুর্গা মন্দির কমিটি: পুরুলিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

মানুষের কল্যাণে আমডিহা দুর্গা মন্দির কমিটির এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়। সমাজসেবার অঙ্গ হিসেবে প্রতি দুই-তিন মাস অন্তর অন্তর তারা এভাবেই সাধারণ মানুষের স্বার্থে ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে থাকে।
মানুষের পাশে আমডিহা দুর্গা মন্দির কমিটি: পুরুলিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

 

 


শুভদীপ মাহাত, পুরুলিয়া:

সমাজের সাধারণ মানুষের চোখের আলো ফেরাতে এবং উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এক মহৎ উদ্যোগ নিল পুরুলিয়ার আমডিহা দুর্গা মন্দির পুজো কমিটি। রামচন্দ্রপুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রম সোসাইটির অন্তর্গত 'নেতাজি আই হসপিটাল'-এর সহযোগিতায় আমডিহা তরুণ ফুটবল ক্লাবে আয়োজিত হলো সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু ও ছানি পরীক্ষা এবং আইওএল সহ অপারেশন শিবির।

মূলত চোখের সমস্যায় ভোগা মানুষদের পাশে দাঁড়াতেই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এই জনকল্যাণমূলক কর্মসূচির মূল কর্ণধার ছিলেন আমডিহা দুর্গা মন্দির পুজো কমিটির সহ-সম্পাদক রাহুল রায়। তিনি বলেন, "সাধারণ মানুষের সেবার জন্য বিগত দিনও পুজো কমিটি এরকম কর্মসূচি করেছে এবং ভবিষ্যতেও করবে"। তাঁর সুদক্ষ পরিচালনা এবং ক্লাবের অন্যান্য সদস্যদের সক্রিয় সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

শিবিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ছোট শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক—সব বয়সের মানুষই এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বহু মানুষ এই শিবিরে ভিড় জমান। রোগীদের যত্ন সহকারে পরীক্ষা করার জন্য নেতাজি আই হাসপাতাল থেকে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানুষের কল্যাণে আমডিহা দুর্গা মন্দির কমিটির এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়। সমাজসেবার অঙ্গ হিসেবে প্রতি দুই-তিন মাস অন্তর অন্তর তারা এভাবেই সাধারণ মানুষের স্বার্থে ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে থাকে।