নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
রোগ সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার আশায় হাসপাতালে ভর্তি হন রোগীরা। কিন্তু সেই হাসপাতালের খাবারই যদি অসুস্থতার নতুন কারণ হয়ে দাঁড়ায়? এমনই অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীদের জন্য পরিবেশিত খাবারে পোকা, পচা ও বাসি সবজি দিয়ে রান্না এবং নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব।
অভিযোগ, সম্প্রতি রোগীদের দুপুরের খাবারের ডাল ও তরকারিতে পোকা পাওয়া যায়। পাশাপাশি রান্নার জন্য ব্যবহৃত আলু, কুমড়ো, রসুন, আদাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পচা অবস্থায় মজুত ছিল বলেও দাবি করা হয়। এই অভিযোগ সামনে আসতেই হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে বিজেপির একটি প্রতিনিধি দল।
বিজেপির রঘুনাথপুর শহর সভাপতি শান্তনু চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, হাসপাতালের রান্নাঘরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। তাঁর দাবি, রোগীদের জন্য পচা সবজি, পোকাধরা মসুর ডাল ও নিম্নমানের খাদ্যসামগ্রী ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, রোগীদের স্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস করা উচিত নয় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অবিলম্বে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার না করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুদীপা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, হাসপাতালের খাবারের গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য একটি কমিটি রয়েছে। এছাড়াও নির্দিষ্ট সময় অন্তর ফুড সেফটি অফিসারের মাধ্যমে খাবারের নমুনা পরীক্ষাও করা হয়।
তিনি বলেন, খাবারে পোকা বা অন্য কোনও ত্রুটির অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কোনও গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হয়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের খাদ্য নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।
হাসপাতালের খাবারের মান নিয়ে ওঠা এই অভিযোগে স্বাভাবিকভাবেই উদ্বেগে রোগী ও তাঁদের পরিজনেরা। তদন্তে কী উঠে আসে, এখন সেদিকেই নজর সকলের।