নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর
বাঘের গুহায় ঢুকে শিকার করার দুঃসাহস দেখাল এক চোর, কিন্তু শেষরক্ষা হলো না! থানা প্রাঙ্গণ থেকে সিভিক ভলান্টিয়ারের মোটরসাইকেল চুরি করে পরদিনই সিআই অফিসের সামনে সেই বাইক নিয়েই দাঁড়িয়ে ছিল এক যুবক। চোখের সামনে চুরি যাওয়া বাইক ও চোরকে দেখে তড়িঘড়ি অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম তোতোন ঘোষাল। সে রঘুনাথপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, চোরপাহাড়ী গ্রামের বাসিন্দা বিকাশ চন্দ্র মাহাতো রঘুনাথপুর মহকুমা ট্রাফিক বিভাগে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। সোমবার তিনি রঘুনাথপুর থানার মূল ফটকের সামনে নিজের বাইকটি পার্ক করে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যান। নাইট ডিউটি শেষে ফিরে এসে তিনি দেখেন তাঁর সাধের বাইকটি নির্দিষ্ট জায়গায় নেই। চারদিকে খোঁজাখুঁজি করেও হদিস না মেলায় শেষমেশ থানাতেই লিখিত অভিযোগ দায়ের করেন ।
তবে নাটকের আসল মোড় ঘোরে মঙ্গলবার। রঘুনাথপুর থানার পুলিশ কর্মীরা দেখতে পান, বিকাশবাবুর চুরি যাওয়া সেই বাইকটিতে সওয়ার হয়ে রঘুনাথপুর সিআই অফিসের সামনে বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে এক যুবক! পুলিশের নাকের ডগায় চোরের এমন বেপরোয়া উপস্থিতি দেখে কালবিলম্ব না করে পুলিশ তাকে ঘিরে ফেলে। বাইকের কাগজপত্র ও পরিচয় পরীক্ষা করতেই ফাঁস হয়ে যায় চুরি কাণ্ড।
অভিযুক্ত তোতোন ঘোষালকে গ্রেপ্তার করে ঘটনার নেপথ্যে অন্য কোনো সক্রিয় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।