নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ঘরের ছেলে ঘরে ফিরবে, এই অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু বাড়ি ফেরার বদলে থানা আর হাসপাতালের মর্গে কাটল গোটা রাত। পুরুলিয়ার গোলকুন্ডা - উদয়পুর সড়কে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ঠাকুরডি গ্রামের বাসিন্দা বিমল মণ্ডল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সাইকেল নিয়ে বের হয়েছিলেন বিমল। গোলকুন্ডা-উদয়পুর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ঘাতক লরি তাঁকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে সব শেষ। রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে স্থানীয় মানুষজনই উদ্ধারকাজে হাত বাড়ান। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বিমলের।
ভাইয়ের এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না দাদা শ্যামল মণ্ডল। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘাতক লরিটির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।