নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জেলায় অবৈধ বালি পাচার রুখতে আরও কঠোর প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পুরুলিয়া মফস্বল থানার পুলিশ একটি বড়সড় সাফল্য পেল। পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত হুটমুড়া গ্রামের গ্রামীণ রাস্তায় হানা দিয়ে প্রায় ১০০ ঘনফুট চোরাই বালি বোঝাই একটি ট্র্যাক্টর ও ট্রলি আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত ট্র্যাক্টরটিকে থামিয়ে তল্লাশি চালানোর সময় বালি পরিবহনের সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি চালক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্র্যাক্টর মালিকের সক্রিয় মদতেই এই বিপুল পরিমাণ বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিল। প্রকাশ্য দিবালোকে গ্রামীণ রাস্তাকে ব্যবহার করে প্রশাসনের চোখে ধুলো দেওয়ার এই চক্রান্ত ধরে ফেলে পুলিশ।ঘটনাস্থল থেকেই বালি বোঝাই গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে।
ধৃত চালক এবং পলাতক ট্র্যাক্টর মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। এই চক্রের পেছনে আর কোনো বড় মাথা জড়িয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।