সাধারণ খবর সংস্কৃতি লাইফস্টাইল

রেল টেকা আর নয়, বরং ২০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দুকে করম মিলনে আমন্ত্রণ জানালো আদিবাসী কুড়মি সমাজ

দীর্ঘ সাত বছরের এক আন্দোলনের ধারা থেকে সরে আসার সিদ্ধান্ত নিল আদিবাসী কুড়মি সমাজ। এতদিন ২০ সেপ্টেম্বর এলেই জাতিসত্তার দাবিতে কখনও রেল টেকা ( রেল অবরোধ) কখনও বা ‘ডহর ছেঁকা’ (সড়ক অবরোধ) কর্মসূচির ডাক দেওয়া হতো।
রেল টেকা আর নয়, বরং ২০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দুকে করম মিলনে আমন্ত্রণ জানালো আদিবাসী কুড়মি সমাজ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কেন্দ্রের আশ্বাসের পর কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে এবার নতুন করে জোরালো হতে চলেছে আদিবাসী কুড়মি সমাজের তৎপরতা। আগামী ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে কলকাতা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সফরেই তাঁর সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর বৈঠক হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অজিতপ্রসাদ মাহাতো দাবি করেন, মুখ্যমন্ত্রী তাঁকে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিয়েছেন। কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিই সেই বৈঠকের মূল বিষয় হতে চলেছে।

এই আবহেই দীর্ঘ সাত বছরের এক আন্দোলনের ধারা থেকে সরে আসার সিদ্ধান্ত নিল আদিবাসী কুড়মি সমাজ। এতদিন ২০ সেপ্টেম্বর এলেই জাতিসত্তার দাবিতে কখনও রেল টেকা ( রেল অবরোধ)  কখনও বা ‘ডহর ছেঁকা’ (সড়ক অবরোধ)  কর্মসূচির ডাক দেওয়া হতো। তবে কেন্দ্রের তরফে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক আশ্বাস মেলার পর এ বছর আর সেই পথে হাঁটছে না সংগঠন।

বরং ২০ সেপ্টেম্বর ‘করম পরবতিয়া মহাজড়ুয়াহি’ অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁকে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান অজিতপ্রসাদ মাহাতো। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে ‘নো ভোট টু টিএমসি’ স্লোগান তুলে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছিল আদিবাসী কুড়মি সমাজ। ভোটের ফল প্রকাশের পর কুড়মি বিধায়কদের সংবর্ধনা দেওয়ার একটি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তাঁর ব্যস্ততার কারণে তা শেষ পর্যন্ত বাতিল হয়।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পুরুলিয়া জেলার প্রায় ৪০ হাজার গ্রাম থেকে ৪০ হাজার কুড়মি নাচের দল ওই অনুষ্ঠানে অংশ নেবে। প্রতিটি দলে অন্তত ১০ জন শিল্পী থাকবেন। পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের টামনা থানা এলাকার একটি স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। কুড়মি সমাজের দাবি, এটি শুধু সাংস্কৃতিক সমাবেশ নয়, কুড়মি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয়কে তুলে ধরারও এক বৃহৎ মঞ্চ হয়ে উঠবে।