নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা পাওয়ার আগেই রাস্তায় দুর্ঘটনার আশঙ্কায় বুক কাঁপছে ঝালদা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বিশুবাবুর কুঠি কলোনির একমাত্র যোগাযোগের পথটি এখন পরিণত হয়েছে এক মরণফাঁদে। বিষয়টি সাধারণ মানুষের ক্ষোভকে চরমে তুলেছে।
কলোনি প্রাঙ্গণেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন সকালে যেখানে লাইন জমান অসুস্থ রোগী, গর্ভবতী নারী, প্রবীণ নাগরিক এবং জরুরি সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা। অথচ সেই কেন্দ্রে পৌঁছানোর পথটিই এখন তাঁদের প্রধান দুশ্চিন্তার কারণ। অল্প বৃষ্টিতেই রাস্তার খানাখন্দগুলো ছোটখাটো ডোবার রূপ নেয়। জলকাদার নিচে কোথায় কত বড় গর্ত লুকিয়ে আছে, তা বোঝার উপায় থাকে না। ফলে রোগী বহনকারী গাড়ি থেকে শুরু করে পথচারী প্রতি মুহূর্তে মারাত্মক বিপদের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে এই পথ।
এলাকাবাসীদের বক্তব্য, "এটি শুধু যাতায়াতের একটি সাধারণ সমস্যা নয়, বরং এটি সরাসরি জনস্বাস্থ্যের নিরাপত্তার ওপর আঘাত। বারবার প্রশাসন ও পুরকর্তৃপক্ষের দ্বারে দরবার করা হলেও প্রতিশ্রুতির আড়ালেই ঢাকা পড়েছে কাজের কাজ। প্রতি বর্ষাতেই দুর্ভোগের চিত্রটা একই থাকে, অথচ সমাধানের স্থায়ী কোনো উদ্যোগ দৃশ্যমান নয়"।
জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত এই সড়ক সংস্কারের দাবি তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের স্পষ্ট বার্তা, একটি স্বাস্থ্যকেন্দ্রের প্রধান সংযোগকারী রাস্তা এভাবে ফেলে রাখা প্রশাসনিক উদাসীনতারই নামান্তর। অবিলম্বে চলাচলের উপযুক্ত পথ তৈরি না করা হলে আন্দোলন আরও তীব্র করার ইঙ্গিত দিয়েছেন স্থানীয়রা।