নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে পুরুলিয়ার মানবাজার মহকুমার বাসিন্দাদের। রাজ্য বাজেটে প্রস্তাবিত পুরুলিয়ার সুপার স্পেশালিটি হাসপাতালটি শেষ পর্যন্ত দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের বাসস্ট্যান্ড ক্যাম্পাসের বদলে তৈরি হতে চলেছে মানবাজারেই। প্রশাসন সূত্রে খবর, হাসপাতাল গড়ার জন্য মানবাজার মানভূম মহাবিদ্যালয় সংলগ্ন প্রায় ছয় বিঘা জমিও ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া জঙ্গলমহলের এই বিস্তীর্ণ এলাকায়।
২০১৭ সালে তৃণমূল সরকারের আমলে মানবাজারকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করা হলেও, আজও সেখানে একটি পূর্ণাঙ্গ মহকুমা হাসপাতাল গড়ে ওঠেনি। ফলে উন্নত চিকিৎসার প্রয়োজনে এই অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত ছুটে যেতে হতো পুরুলিয়া সদর হাসপাতাল কিংবা বাঁকুড়ার ওপর। দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে মাঝরাস্তাতেই বহু রোগীর প্রাণসংশয় দেখা দিত।
সম্প্রতি মানবাজারের বিধায়ক ময়না মুর্মু ওই এলাকা পরিদর্শন করে জানান, "মানবাজার মহকুমায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল হোক, এটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং স্বপ্ন ছিল। আমি নিজেই এর জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। অবশেষে বাজেটে ঘোষিত হাসপাতালটি এখানেই গড়ে উঠতে চলেছে।"
এই হাসপাতালটিকে কেন্দ্র করে গত নির্বাচনে স্থানীয় রাজনীতিতে পারদ চড়েছিল। ভোটের প্রচারে বিজেপি অন্যতম প্রধান ইস্যু করেছিল মানবাজারের এই চিকিৎসা সংকটকে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলে এখানেই সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে। নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত জমি চিহ্নিতকরণের কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
(ছবিতে সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য জমি পরিদর্শন করছেন বিধায়ক ময়না মুর্মু।)