নিজস্ব প্রতিনিধি, আড়শা:
টানা বৃষ্টিতে কংসাবতীতে এসেছে বান। বাঁশের সাঁকো ভেসে যাওয়ার আগেই তা খুলে দিলেন গ্রামবাসীরা। ফলে চরম দুর্ভোগে পড়ল আড়শা ও পুরুলিয়া ১ নং ব্লকের নদী সংলগ্ন ৩০-৪০টি গ্রামের বাসিন্দারা। নিম্নচাপের জেরে জেলা জুড়ে গত দু'দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে। বৃষ্টির জলেই ফুলে-ফেঁপে উঠেছে কংসাবতী। বামুনডিহা কংসাবতী নদীঘাট এখন পুরোপুরি জলমগ্ন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্যার জলে সাঁকো ভেসে গিয়ে বড় দুর্ঘটনা এড়াতেই স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সাঁকোটি মঙ্গলবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। কিন্তু সাঁকো খুলে দেওয়ায় নিত্যযাত্রীদের সমস্যা বেড়েছে। স্কুল, বাজার, হাসপাতালে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বহু মানুষ।
প্রসঙ্গত, এই ঘাটে দীর্ঘদিন ধরেই স্থায়ী সেতুর কাজ থমকে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রতিশ্রুতি মিললেও কাজ এগোয়নি।
রাজ্যে সরকার পরিবর্তনের পর এলাকার বিধায়ক আশ্বাস দিয়েছেন, এই ঘাটে দ্রুত সেতুর কাজ শুরু হবে।
কবে সেই কাজ শুরু হবে, আর কতদিন নদী পেরোতে নৌকা বা বিকল্প পথের উপর ভরসা করতে হবে — সেই উত্তরেই এখন চোখ আড়শার মানুষের।