শিক্ষা ব্লক

টেট বিতর্কে সরব শিক্ষকরা, ঝালদার মঞ্চ থেকে কলকাতা অভিযানের ডাক অরাজনৈতিক শিক্ষক সংগঠনের

ঝালদা মহকুমার অন্তর্গত শিক্ষা দপ্তরের বাঘমুন্ডি-১, বাঘমুন্ডি-২, ঝালদা-১, ঝালদা-২, ঝালদা-৩, কোটশিলা এবং জয়পুরের দু'টি সার্কেল জয়পুর ও জয়পুর নিউ। ঝালদা মহকুমার এই আটটি সার্কেলের শিক্ষক-শিক্ষিকাদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সভায়।
টেট বিতর্কে সরব শিক্ষকরা, ঝালদার মঞ্চ থেকে কলকাতা অভিযানের ডাক অরাজনৈতিক শিক্ষক সংগঠনের

 

সুজয় দত্ত , ঝালদা :

প্রাথমিক শিক্ষকদের ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি, টেট-সংক্রান্ত অনিশ্চয়তা এবং শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সরব হল অরাজনৈতিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । রবিবার ঝালদা সত্যভামা বিদ্যাপীঠে সংগঠনের প্রথম ঝালদা মহকুমা সম্মেলনে কার্যত শিক্ষক ঐক্যের বার্তা তুলে ধরলেন সংগঠনের নেতৃত্ব।

ঝালদা মহকুমার অন্তর্গত শিক্ষা দপ্তরের বাঘমুন্ডি-১, বাঘমুন্ডি-২, ঝালদা-১, ঝালদা-২, ঝালদা-৩, কোটশিলা এবং জয়পুরের দু'টি সার্কেল জয়পুর ও জয়পুর নিউ। ঝালদা মহকুমার এই আটটি সার্কেলের শিক্ষক-শিক্ষিকাদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সভায়।

সম্মেলনে শিক্ষা ও শিক্ষকের মর্যাদা রক্ষা, টেট-সংক্রান্ত জটিলতা, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী গ্রান্ট-ইন-এইড শিক্ষকদের বকেয়া প্রাপ্য, সমস্ত স্তরের কর্মচারীদের বর্তমান ডিএ, নোশনাল মামলা, প্রধান শিক্ষক ইনক্রিমেন্ট-সহ একাধিক পরিষেবা-সংক্রান্ত দাবি নিয়ে আলোচনা হয় সম্মেলনে।

উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি চন্দন চট্টোপাধ্যায় , রাজ্য সহ-সম্পাদক নির্ঝর কুন্ডু, জেনারেল বডি সদস্য তথা জেলা অবজারভার অরিন্দম খাঁড়া, জেলা সভাপতি কীর্তন চন্দ্র মাহাতো, জেলা সম্পাদক সঞ্জয় পান্ডে, জেলা কোর কমিটির সদস্য সঞ্জীব সৎপতি এবং ঝালদা মহকুমার অন্তর্গত আটটি সার্কেলের প্রতিনিধিরা।

সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ। সংগঠনের নেতৃত্বের দাবি, শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার আগে এবং টেট চালু হওয়ার পূর্বে যাঁদের নিয়োগ হয়েছে, তাঁদের পুনরায় টেট পরীক্ষায় বসানোর কোনও যৌক্তিকতা নেই। সংগঠনের বক্তব্য, টেট শিক্ষক নিয়োগের প্রবেশিকা পরীক্ষা, কর্মরত শিক্ষকদের যোগ্যতা যাচাই বা দক্ষতা উন্নয়নের পরীক্ষা নয়।

সংগঠনের অভিযোগ, বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ বা এনসিটিই। তাদের আরও দাবি, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে কর্মরত হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা অনিশ্চয়তার মুখে পড়েছেন। একই সঙ্গে তারা অভিযোগ তোলে, দেশজুড়ে ধাপে ধাপে সরকারি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে শিক্ষার বেসরকারিকরণের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে কর্মরত শিক্ষকদের দোটানা কাটাতে কেন্দ্রের অবিলম্বে অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করা উচিত বলেও মত সংগঠনের।

এই দাবিগুলিকে সামনে রেখেই আগামী ১৩ জুলাই কলকাতায় ঐক্যবদ্ধ পদযাত্রার ডাক দিয়েছে সংগঠনটি। সংগঠনের নেতৃত্বের দাবি, ওই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেবেন এবং কর্মরত শিক্ষকদের স্বার্থরক্ষার দাবিতে রাজপথে ঐক্যের বার্তা তুলে ধরবেন।