নিজস্ব প্রতিনিধি,নিতুড়িয়া:
প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজ বা ন্যাচারাল ফার্মিং নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন হল নিতুড়িয়ায়। রবিবার নিতুড়িয়া কৃষক বাজারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাতে প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিকের উপকারিতা এবং রাসায়নিক সারের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এদিন কৃষি আধিকারিকরা বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বাড়লেও এর ফলে মাটির স্বাস্থ্য, পরিবেশ এবং কৃষকের লাভজনকতা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। এই প্রেক্ষাপটে প্রাকৃতিক কৃষি একটি পরিবেশবান্ধব ও স্বল্পব্যয়ী কৃষি পদ্ধতি হিসেবে বিশেষ গুরুত্ব পেয়েছে।
তাঁরা আরও জানান, প্রাকৃতিক কৃষির একটি বড় সুবিধা হলো উৎপাদন খরচ কমে যাওয়া। বর্তমানে রাসায়নিক সার ও কীটনাশকের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে । ফলে কৃষকের লাভের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক কৃষিতে অধিকাংশ উপকরণ খামারেই প্রস্তুত করা সম্ভব হওয়ায় উৎপাদন ব্যয় কমে যায় পাশাপাশি কৃষকের আয় ও বৃদ্ধি পায়। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদ্য নিরাপত্তা। বর্তমানে ভোক্তাদের মধ্যে নিরাপদ ও বিষমুক্ত খাদ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে উৎপাদিত ফসল স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব হওয়ার কারণে বাজারে চাহিদা ও গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পেয়েছে । উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মামনি বাউরি সহ কৃষি আধিকারিকেরা । কৃষিকর্মশালায় যোগ দেন ব্লকের শতাধিক কৃষক।