সাধারণ খবর ব্লক

আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপের দেহ পৌঁছালো ঘরে, পরিবারের পাশে থাকার আশ্বাস সাংসদ জ্যোতির্ময়ের

তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বাঘমুন্ডির বর্তমান বিধায়ক রহিদাস মাহাতো, প্রাক্তন বিধায়ক সুশান্ত মাহাতো , বিশিষ্ট সমাজসেবী শংকর মাহাতো প্রমুখ।
আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপের দেহ পৌঁছালো ঘরে, পরিবারের পাশে থাকার আশ্বাস সাংসদ জ্যোতির্ময়ের

 

দেবীলাল মাহাতো, আড়শা:

আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝির মরদেহ মঙ্গলবার বিকেলে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর নিজ গ্রাম সিরকাবাদে পৌঁছতেই  ভিড় জমান প্রচুর মানুষ। সাদা কাপড়ে মোড়া নিথর দেহের সামনে দাঁড়িয়ে  অনেকেই চোখের জল ধরে রাখতে পারলেন না। তাঁর এই আকস্মিক চলে যাওয়া এখনও মেনে নিতে পারছেন না কেউই। সমাজমাধ্যম জুড়েও শোকের ছায়া। এ দিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বাঘমুন্ডির বর্তমান বিধায়ক রহিদাস মাহাতো, প্রাক্তন বিধায়ক সুশান্ত মাহাতো , বিশিষ্ট সমাজসেবী শংকর মাহাতো প্রমুখ। এদিন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তাঁরা। পাশে থাকার আশ্বাস দেন।

সোমবার গভীর রাতে পুরুলিয়া শহরে দুর্গাপুজো দেখে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিশ্বরূপ মাঝি। গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে । ড্রাইভ করছিলেন বিশ্বরূপ নিজেই। ফেরার পথে পুরুলিয়া-আড়শা রাজ্য সড়কের হেঁসলা এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে  দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িটি। দুর্ঘটনায় বিশ্বরূপ-সহ পরিবারের চার জনই গুরুতর আহত হন। আড়শা থানার পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে  নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা বিশ্বরূপকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী , ছেলে ও মেয়ে আশঙ্কা জনক অবস্থায় ঝাড়খণ্ডের টাটাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশ্বরূপের মরদেহর শেষকৃত্য হবে বুধবার।