নিজস্ব প্রতিনিধি, আড়শা:
'সেবায় আমার যোগদান' কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়ার আড়শা ব্লক এলাকায় পালিত হলো এক বিশেষ সচেতনতামূলক অভিযান। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এলাকার সাধারণ মানুষকে স্বচ্ছতার পাঠ দেওয়া এবং ডেঙ্গু প্রতিহত করার লক্ষ্যেই মঙ্গলবার যৌথ কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির শুরুতেই ব্লক কার্যালয় চত্বর ও সংলগ্ন এলাকায় এক পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। পাশাপাশি জল জমা বন্ধ করা, নিকাশি নালা পরিষ্কার রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে কী কী করণীয়, সে বিষয়ে সচেতনতার প্রচার চালানো হয়।
বর্ষার এই সময়ে জমা জলে মশার লার্ভা বংশবৃদ্ধি করে। তাই বাড়ি বা আশপাশের ড্রেন, ফুলের টব বা ফেলে দেওয়া পাত্রে জল জমা রাখা যাবে না। যেকোনো জ্বর বা শারীরিক অসুস্থতায় অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানে ব্লকের প্রতিনিধি, পঞ্চায়েত সদস্য, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ও ডেঙ্গুমুক্ত আড়শা গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।