নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
গৃহস্থের বাড়ি থেকে চন্দনগাছ চুরির অভিযোগ উঠল। মানবাজার কলেজ রোডের বাসিন্দা আদিত্য সিং মহাপাত্র এবং সুদীপ্ত দাসের বাড়ি থেকে রবিবার গভীর রাতে তিনটি শ্বেত চন্দন গাছ চুরি হয়েছে বলে অভিযোগ ।
জানা গিয়েছে, দুজনেই বাড়িতে শখের বশে শ্বেত চন্দন গাছগুলি লাগিয়েছিলেন। তিনটি গাছের মধ্যে দুটি গাছের বয়স ১৬ বছর একটির ২৫ বছর। পরিবারের দাবি রবিবার সন্ধ্যা পর্যন্ত গাছগুলি স্বাভাবিক ছিল। সোমবার সকালে দেখা যায় ওই তিনটি গাছকে দুষ্কৃতীরা একেবারে গোড়া থেকে কেটে নিয়েছে। অনুমান করা হচ্ছে ব্যাটারি চালিত যন্ত্রের সাহায্যে গাছগুলি কাটার পর টুকরো টুকরো করে সেগুলি নিয়ে পালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মানবাজার এলাকায়। ঘটনাটি মৌখিক ভাবে থানায় জানানো হলেও, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।