নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
হাজার কিলোমিটার দূরে পালিয়ে গিয়েও পুলিশের জাল থেকে রেহাই পেল না অভিযুক্ত। ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ এবং সোশ্যাল মিডিয়ায় তার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে কর্ণাটক থেকে এক তরুণকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম উজ্জ্বল রুহিদাস (২০), বাড়ি বরাবাজার থানার গোসাইডি গ্রামে।
পুলিশ সূত্রের খবর, গত ৩ জুলাই নির্যাতিতার মা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়, তাঁর ১৩ বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের পর পরিবারেরই এক আত্মীয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে তার বেশ কিছু আপত্তিকর ছবি ইন্টারনেট দুনিয়ায় পোস্ট করা হয়। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার বিশেষ টিম।
তদন্তে নেমে ডিজিটাল ফুটপ্রিন্ট ও আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক পেশায় পরিযায়ী শ্রমিক এবং সে কর্ণাটকে রয়েছে। এরপরই সাইবার ক্রাইম থানার একটি দল কর্ণাটকে অভিযান চালিয়ে উজ্জ্বলকে পাকড়াও করে। তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।
বুধবার ধৃতকে পুরুলিয়ার আদালতে তোলা হলে বিচারক তাকে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আইনি প্রক্রিয়া মেনে একই দিনে নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়। আদালতে বিচারকের সামনে নথিভুক্ত করা হয় তার গোপন জবানবন্দি।