নিজস্ব প্রতিনিধি,বোরো:
বনদপ্তরের সরকারি জমি জবরদখলের চেষ্টা এবং তা রোধ করতে গেলে বনাধিকর্তা ও কর্মীদের রেঞ্জ অফিসে ঢুকে হুমকির অভিযোগে এক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। বোরো থানায় এফআইআর দায়ের হওয়ার পর ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
অভিযুক্তের নাম বিপ্লব চট্টোপাধ্যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সক্রিয় সদস্য। পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার ২ রেঞ্জের দীঘি মৌজায় বনদপ্তরের বিস্তীর্ণ খাস জমি রয়েছে। অভিযোগ, গত ২৫ আগস্ট থেকে ওই জমিতে সিমেন্টের ঢালাই খুঁটি পুঁতে প্রায় ৫৬ একর বনভূমি দখলের ছক কষা হয়। পরবর্তীতে এই জমি বিক্রি করে বেআইনি পাথর খাদান তৈরি করার পরিকল্পনা ছিল বলে বনদপ্তর সূত্রে দাবি।
অফিসে ঢুকে হুমকির ঘটনার পরই কড়া অবস্থান নেয় বনদপ্তর। বৃহস্পতিবার দিঘী যৌথ বনপরিচালন কমিটির সদস্যদের সাথে নিয়ে এক বিশাল যৌথ অভিযান চালায় বনদপ্তর। প্রায় ৫৬ একর জমি পুরোপুরি দখলমুক্ত করা হয়। এরপরই সরকারি কাজে বাধা, বনভূমি দখল এবং বনাধিকারীদের হুমকি দেওয়ার অভিযোগে বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বনদপ্তরের এক পদস্থ আধিকারিক জানান, সরকারি বা বনদপ্তরের জমি দখলের কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। হুমকি দিয়ে অপরাধ ঢাকা যাবে না, তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে বোরো থানার পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।