নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বর্ষার শেষ লগ্নে এসে প্রায় স্বাভাবিকের পথে পুরুলিয়ার বৃষ্টিপাত। আগস্টের শেষ দিন পর্যন্ত জেলায় বৃষ্টির ঘাটতি নেমে এসেছে মাত্র ১.৯ শতাংশে। কৃষি দফতরের দেওয়া রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। আর ৩১ আগস্টের প্রবল বৃষ্টিই সেই ঘাটতি আরও কমিয়ে দিয়েছে।
কৃষি দফতরের হিসেব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত পুরুলিয়ায় স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ১১৪৩.৮২ মিলিমিটার। সেখানে বাস্তবে বৃষ্টি হয়েছে ১১২১.৪৫ মিলিমিটার। অর্থাৎ ঘাটতি মাত্র ২২.৩৭ মিলিমিটার, শতাংশের হিসাবে ১.৯ শতাংশ।
৩১ আগস্ট একদিনেই জেলায় গড় বৃষ্টি হয়েছে ৪৯.৪২ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঘমুন্ডিতে—১৫৮ মিলিমিটার। ঝালদায় ১০৫, জয়পুরে ১০২.২, পাড়ায় ৪৬.৪, কাশিপুরে ৪২.২ এবং হাতোয়াড়ায় ৪১.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বলরামপুরে ৩২.২, বরাবাজারে ৩৩, নিতুড়িয়ায় ২৪ এবং হুড়ায় ২১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে তাপমাত্রাতেও। জেলার সর্বোচ্চ তাপমাত্রা নেমে হয়েছে মাত্র ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি। দিনভর বৃষ্টি ও মেঘলা আকাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও ছিল খুব কম।
গত এক সপ্তাহের হিসেব দেখলেই বৃষ্টির ঘাটতি কমার ছবি স্পষ্ট। ২৪ আগস্ট পর্যন্ত ঘাটতি ছিল ৫.৯ শতাংশ। ২৭ আগস্ট তা নেমে আসে ৩.৬ শতাংশে। আর আগস্টের শেষ দিনে তা আরও কমে দাঁড়িয়েছে ১.৯ শতাংশে।
এদিকে মঙ্গলবারও পুরুলিয়া-সহ পশ্চিমের চার জেলায় প্রবল থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কথা। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।