নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
মানবাজার বিধানসভায় তৃণমূলের টিকিটে পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ১৩ লাখ টাকা প্রতারণার আভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায়,এক মহিলার অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুঞ্চা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম অরবিন্দ কুমার সিং। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা এলাকায়। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৫ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। ধৃতকে জেরা করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুঞ্চা থানার দাতারডি গ্রামের বাসিন্দা শোভা সিং ১০ আগস্ট পুঞ্চা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান, পুঞ্চা থানার রঘুডি গ্রামের এক ব্যক্তির মাধ্যমে অরবিন্দ কুমার সিংয়ের সঙ্গে আলাপ হয়। অভিযোগ ওই ব্যক্তি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানবাজার বিধানসভার টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর জন্য অভিযুক্ত ব্যক্তি ৩০ লাখ টাকা দাবি করে। অভিযুক্তের কথায় বিশ্বাস করে ওই বিধবা মহিলা বিভিন্ন ভাবে কয়েক ধাপে ১২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা তাকে দিয়েছিলেন। তবে নির্বাচনের প্রাক্কালে প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর অভিযোগকারীনীর নাম না থাকায় তিনি হতাশ হয় যান। এর পর ওই টাকা ফেরত চাইলে নিজেকে প্রভাবশালী বলে দাবি করে ওই ব্যক্তি হুমকি দেয় বলে অভিযোগ। তারপরেই তিনি পুঞ্চা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।