নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ইস্তফার ঢেউ লেগেছে ঝালদায়। ঝালদা ১ নম্বর ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন সুষমা মাহাতো। মঙ্গলবার তিনি নিজে ঝালদা ১ নম্বর ব্লক কার্যালয়ে গিয়ে বিডিও-র কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন। পঞ্চায়েতের প্রধানের এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত ঘিরেই ইতিমধ্যে শুরু হয়েছে রাজনীতির তরজা।
তুলিন গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুষমা মাহাতো বলেন, "আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ নয়, নিজস্ব কিছু সমস্যার জন্যই পদ থেকে সরে দাঁড়ালাম।"
বর্তমানে পুরো বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার অধীনে রয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিয়মমাফিক জমা পড়া পদত্যাগপত্র খতিয়ে দেখে তা গ্রহণের কাজ সম্পন্ন করা হবে। প্রশাসন চূড়ান্ত সিলমোহর দেওয়ার পরেই তুলিন গ্রাম পঞ্চায়েতের পরবর্তী প্রশাসনিক কাঠামো ও পরবর্তী প্রধান নির্বাচনের আইনি প্রক্রিয়া স্পষ্ট হবে।