নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
টাকা তুলতে গিয়ে এটিএম মেশিনে আটকে গিয়েছিল কার্ড । তারপরেই দেড় লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলকাতার দুই যুবককে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। ধৃতরা হল কলকাতার ট্যাংরা থানা এলাকার ধর্মেন্দ্র কুমার সাউ এবং পঙ্কজ কুমার। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুরুলিয়া শহরের আমডিহা এলাকার বাসিন্দা সুব্রত চট্টোপাধ্যায় গত ৪ আগস্ট পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানিয়েছিলেন, ওইদিন তিনি তাঁর কাকিমার এটিএম কার্ড নিয়ে শহরের চাইবাসা রোড এলাকার একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে যান। মেশিনে কার্ডটি আটকে যায়। এমন সময় এক অপরিচিত ব্যক্তি এসে মেশিনের উপরে থাকা একটি কাগজে লেখা নম্বর তাকে দেন। পাশাপশি বলা হয় ওই নম্বরটি সার্ভিস ইঞ্জিনিয়ারের নম্বর। এর পর অভিযোগকারীর ওই নম্বরে ফোনও করেন। ফোনের ওপারে থাকা ব্যক্তি কিছুক্ষণের মধ্যে আসার কথা বলেও এক ঘণ্টা অপেক্ষা শেষে অভিযোগকারী ব্যাংকের দ্বারস্থ হন। তবে কিছুক্ষণ তিনি পরেই জানতে পারেন ওই কার্ডের মাধ্যমে ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা কেউ বা কারা তুলে নিয়েছে। ওই যুবক ব্যাংক থেকে ফেরার পথেও ওই কার্ডটি এটিএম মেশিনে আটকে থাকতে দেখেন। তবে বিকেলের পর সেটি আর পাওয়া যায়নি। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে সোমবার দুজনকে গ্রেফতার করে।