নিজস্ব প্রতিনিধি, ঝালদা
অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার। পরিবর্তে অনুদান প্রাপক মহিলাদের কাছে একটি বিশেষ দাবি রাখলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর কথায়, যাঁরা অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন প্রত্যেকে যেন শৌচাগার বানিয়ে নেন। যাঁদের নেই সরকার তাঁদের সাহায্য করবে। কিন্তু প্রত্যেক মহিলাকে কথা দিতে হবে যাতে শৌচালয় ব্যবহারের অভ্যাস গড়ে তোলেন। এটা মা বোনেদের সম্মানের বিষয়।
সোমবার অন্নপূর্ণা অনুদানের জন্য সরকারকে কৃতজ্ঞতা জানাতে পথে নেমেছিলেন মহিলারা। বাঘমুণ্ডি বিধানসভার ২ নং মণ্ডলের নওয়াডি অঞ্চলের কুশি-পাপড়াহুড়ুম বুথের মহিলাদের উদ্যোগে সোমবার আয়োজিত হল ধন্যবাদ ও কৃতজ্ঞতা মহামিছিল। প্রসঙ্গত উল্লেখ্য, এই এলাকাতেই বাড়ি বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতোর। মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি মিছিলে উপস্থিত এলাকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক রহিদাস মাহাতো এবং ঘরের ছেলে বিজেপি জেলা সভাপতির প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
বৃষ্টি উপেক্ষা করে যেভাবে কাতারে কাতারে মহিলা মিছিলে যোগ দিয়েছেন তা দেখে বিজেপির দাবি, অন্নপূর্ণা যোজনা এখন মহিলাদের মনে গেঁথে গেছে। সরকারকে দু হাত তুলে আশীর্বাদ করছেন তাঁরা।