সাধারণ খবর ব্লক

তৃণমূল আমলের খেসারত! প্রবল বর্ষণে ভেঙে পড়ল কজওয়ে, আড়শায় পরিদর্শনে বিডিও

তৃণমূল আমলে এখানে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। কিন্তু ঠিকাদার সংস্থা কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ। গ্রামবাসীদের আক্ষেপ, সেই সময় ভালো ভাবে কাজ হয়ে থাকলে , আজকে এই সমস্যায় পড়তে হতো না।
তৃণমূল আমলের খেসারত! প্রবল বর্ষণে ভেঙে পড়ল কজওয়ে, আড়শায় পরিদর্শনে বিডিও

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

প্রবল বর্ষণে ভেঙে পড়ল কাঞ্চনপুর থেকে জামবাদ গ্রামে যাওয়ার রাস্তার উপরে থাকা কজওয়ে। তার জেরে বিপাকে পড়েছেন দু’টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। আড়শা ব্লকের জামবাদ গ্রামের গৌরাঙ্গডি টোলার বাসিন্দারা এখন গৃহবন্দি। দ্রুত জোড়ের উপর অস্থায়ী সেতুর দাবি তুলেছেন তাঁরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ। দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি।

গ্রামবাসীরা জানান, কাঞ্চনপুর থেকে জামবাদ গ্রাম পর্যন্ত চলে গিয়েছে একটি রাস্তা। জামবাদ ছাড়াও বিস্তীর্ণ এলাকার মানুষ রাস্তাটি ব্যবহার করেন। কয়েক বছর আগে তৃণমূল আমলে জোড়ের উপর কজওয়ে তৈরি করা হয়েছিল। যার ফলে দুটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়। যদিও সেই সময় নিম্নমানের কাজের অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। কিন্তু ঠিকাদার সংস্থা কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ। গ্রামবাসীদের আক্ষেপ, সেই সময় ভালো ভাবে কাজ হয়ে থাকলে , আজকে এই সমস্যায় পড়তে হতো না।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ।  তিনি জানান, "জল কমলেই দ্রুত কজওয়ের কাজ করা হবে।"