ক্রাইম ব্লক

তিন বছর আগে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে নজির পুরুলিয়া জেলা পুলিশের

পুলিশ জানতে পেরেছে, এতদিন বিহারের একটি অজ্ঞাত স্থানে নিজের শিক্ষকের সঙ্গেই বসবাস করছিল ওই নাবালিকা। পরিবারের লোকজনের পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে সমস্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।
তিন বছর আগে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে নজির পুরুলিয়া জেলা পুলিশের

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

তিন বছর ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে  উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়া জেলা পুলিশ। ২০২৩ সালের ৩ জানুয়ারি বান্দোয়ান  থানা এলাকা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে বিহারের একটি গোপন ডেরা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, নাবালিকা নিখোঁজ হওয়ার পরেই পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বান্দোয়ান থানা। দীর্ঘ সময় অতিবাহিত হতে থাকে। তদন্তে একাধিক জটিলতা থাকায় সন্ধান চালানো ক্রমশ কঠিন হয়ে উঠেছিল। তবে হাল না ছেড়ে লাগাতার অভিযান চালিয়ে যান তদন্তকারীরা। অবশেষে  নজরদারি এবং আধুনিক প্রযুক্তিগত তথ্যের নিখুঁত সমীকরণে মিলল বড় সাফল্য।

উদ্ধার অভিযানের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। পুলিশ জানতে পেরেছে, এতদিন বিহারের একটি অজ্ঞাত স্থানে নিজের শিক্ষকের সঙ্গেই বসবাস করছিল ওই নাবালিকা। পরিবারের লোকজনের পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে সমস্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। এই গোপনীয়তার কারণেই তদন্ত প্রক্রিয়া বারবার বাধার মুখে পড়েছিল।

তদন্তকারীদের এই সাফল্যের পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে নাবালিকার পরিবারে। মেয়েকে ফিরে পেয়ে আবেগপ্লুত ভাই ও পরিবারের সদস্যরা পুরুলিয়া জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।