নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
পরিবারের রেশন কার্ড চাওয়া নিয়ে বচসা। তার জেরেই কুড়ুল দিয়ে মাথায় আঘাত করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। সেই মামলায় অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল পুরুলিয়ার জেলা ও দায়রা আদালত। সোমবার সাজা ঘোষণা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১৭ এপ্রিল কেন্দা থানার কোনাপাড়া গ্রামের বাসিন্দা অনিল শবরকে কুড়ুল দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ ওঠে গুরুপদ শবরের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় অনিলকে পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের স্ত্রী সুনীতা শবরের লিখিত অভিযোগের ভিত্তিতে কেন্দা থানায় খুনের মামলা রুজু হয়।
তদন্তে নেমে কেন্দা থানার তদানীন্তন তদন্তকারী অফিসার সেক রহমান প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও ফরেন্সিক প্রমাণ সংগ্রহ করে। ৮৯ দিনের মধ্যে তদন্ত শেষ করে ২০২৩ সালের ১৪ জুলাই অভিযুক্ত গুরুপদ শবরের বিরুদ্ধে চার্জশিট জমা দেন কেন্দা থানার তদানীন্তন ওসি বাপন মন্ডল।
মামলার শুনানি শেষে গত ২৮ অগস্ট গুরুপদকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর সাধারণ কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
ছবি : মাঝে আসামি। বাঁ দিকে কেন্দা থানার তদানীন্তন ওসি, ডানদিকে কেন্দা থানার তদানীন্তন তদন্তকারী অফিসার।