শহর

পথশ্রী হয়েছে হতশ্রী, কেতিকাবাসীর ক্ষোভ আছড়ে পড়ল পুরসভায়

ধৈর্য হারিয়ে পুরুলিয়া পুরসভার দরজায় কড়া নাড়লেন ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা এলাকার ক্ষুব্ধ নাগরিকেরা। জমা দেওয়া হলো একের পর এক মৌলিক সমস্যার তালিকা সম্বলিত স্মারকলিপি।
পথশ্রী হয়েছে হতশ্রী,  কেতিকাবাসীর ক্ষোভ আছড়ে পড়ল পুরসভায়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাস্তার মোড়ে বেশ কয়েক মাস আগেই ঘটা করে টাঙানো হয়েছে ‘পথশ্রী’ প্রকল্পের চকচকে  বোর্ড। কিন্তু বাস্তবে সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তো দূরের কথা, সাধারণ মানুষের যাতায়াতই এখন চরম দায়। কেবল ভাঙা রাস্তা নয়, অনিয়মিত পানীয় জল আর স্কুলের আশেপাশে জমে থাকা পচা জঞ্জালের স্তূপে অতিষ্ঠ জনজীবন। স্থানীয় জনপ্রতিনিধির কাছে বারবার দরবার করেও কোনো সুরাহা না মেলায়, অবশেষে ধৈর্য হারিয়ে পুরুলিয়া পুরসভার দরজায় কড়া নাড়লেন ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা এলাকার ক্ষুব্ধ নাগরিকেরা। জমা দেওয়া হলো একের পর এক মৌলিক সমস্যার তালিকা সম্বলিত স্মারকলিপি।

এলাকাবাসীদের প্রধান অভিযোগ, স্থানীয় কাউন্সিলর প্রদীপ মুখোপাধ্যায়ের কাছে বারবার সমস্ত সমস্যার কথা তুলে ধরা হলেও মিলছে শুধুই আশ্বাস, কাজের কাজ কিছুই হচ্ছে না।

এলাকাবাসীরা জানান, "প্রতিদিনের প্রয়োজনীয় পানীয় জল নিয়েও তৈরি হয়েছে তীব্র হাহাকার। অভিযোগ, পরিশ্রুত পানীয় জল নিয়মিত সরবরাহ করা হয় না,মেলে এক-দুই দিন অন্তর। বিকল্প হিসেবে যে 'বাবু বাঁধ' ব্যবহার করতেন স্থানীয়রা, তাও আজ কচুরিপানার দখলে। ফলে স্নান ও দৈনন্দিন গৃহস্থালির কাজের জন্য চরম ভোগান্তিতে পড়ছেন সবাই"।

পুর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে এলাকাবাসীদের স্পষ্ট বার্তা,মৌলিক এই সমস্যাগুলির স্থায়ী এবং দ্রুত সমাধান না হলে, আগামী দিনে ওয়ার্ড স্তরের ক্ষোভ শহরজুড়ে বৃহৎ গণআন্দোলনের রূপ নেবে।