নিজস্ব প্রতিনিধি,বরাবাজার:
কাড়া লড়াইয়ের ময়দানে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে গ্রেফতার ৯। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় পুরুলিয়ার বরাবাজার থানার লাকা গ্রামে। প্রশাসনের নিষেধাজ্ঞাকে কার্যত একপাশে সরিয়ে আয়োজিত কাড়া লড়াইকে ঘিরে শুক্রবার ভয়ংক রূপ নেয় বরাবাজারের লাকা ফুটবল ময়দান। কাড়া লড়াই শুরুর আগেই তুকতাক ও কুসংস্কারের গুঞ্জনে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এর পরিণতিতে পুলিশের ওপর পাথরবৃষ্টি, লাঠিচার্জ এবং পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটানোর মতো ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ মোট ৯ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার সকাল থেকেই বরাবাজারের ভ্যালকুডি লাকা ফুটবল মাঠে কাড়া লড়াই দেখতে পুরুলিয়া, বাঁকুড়া এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে ৫০০-৬০০ মানুষের সমাগম ঘটে। মেলা কমিটির তরফে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কিন্তু লড়াই শুরু হওয়ার মুহূর্তেই মাঠ জুড়ে রটে যায়, একটি কাড়াকে সরষে দিয়ে তুকতাক করা হয়েছে। এই ঘটনার পর প্রতিযোগিতার মূল কাড়ার মালিকরা লড়াইয়ে অংশ নিতে অস্বীকার করেন।কাড়া লড়াই বাতিল হওয়ার আশঙ্কায় উপস্থিত ক্ষুব্ধ জনতার সঙ্গে আয়োজক ও স্থানীয়দের মধ্যে তীব্র বচসা ও হাতাহাতি শুরু হয়।
খবর পেয়ে প্রথমে বরাবাজার থানার পুলিশ ও সিঁদরি ক্যাম্পের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। জনতাকে শান্ত করার চেষ্টা করা হলে উসকানি পেয়ে হিংসাত্মক জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং কর্তব্যরত পুলিশকর্মীদের ঘেরাও করে ফেলে। বাঁশের লাঠি ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়। পাথরের আঘাতে কনস্টেবল রাহুল ইসলাম আনসারি এবং ডিআইবি-র এএসআই সমীরণ পতি রক্তাক্ত অবস্থায় আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মানবাজারের মহকুমা পুলিশ আধিকারিক শাশ্বতী শ্বেতা সামন্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) বিদ্যারগড় আজিঙ্ক্য অনন্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং ৬টি কাঁদানে গ্যাসের সেল ফাটায়।
বরাবাজার থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃত ৯ জন হলো,ঝাড়খণ্ডের সাতাশ বছর বয়সের কৃষ্ণা পদ মাহাতো, ঝাড়খণ্ডের ৪২ বছর বয়সের ছোটুলাল মাঝি, ঝাড়খণ্ডের ২৫ বছর বয়সের সুফল মাহাতো, ঝাড়খণ্ডের ৪১ বছর বয়সের কৈলাশ মাহাতো,পুরুলিয়ার ৩২ বছর বয়সের অশোক হাঁসদা, পুরুলিয়ার ৩৫ বছর বয়সের অজয় কুমার মাহাতো, পুরুলিয়ার ৪০ বছর বয়সের লাল্টু মাহাতো, পুরুলিয়া ৩৪বছর বয়সের অম্বরীশ মাহাতো।
ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক ৫ জনকে ৪ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন এবং বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এলাকা এখন শান্ত হলেও ঘটনার পুনঃরাবৃত্তি এড়াতে সেখানে পুলিশি টহল বজায় রয়েছে।