সাধারণ খবর ব্লক

কুড়মিদের মহাজড়ুয়াহিতে আসছেন মুখ্যমন্ত্রী , নিরাপত্তা প্রস্তুতিতে এসপি-র বৈঠক

বৃহস্পতিবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের কড়াডি মাঠ ঘুরে দেখলেন পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা। এখানেই আদিবাসী কুড়মি সমাজের করম পর্বতিয়া মহাজড়ুয়াহির আসর বসতে চলেছে। এ দিন সেখানে যান পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উৎকর্ষ সিং-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক।
কুড়মিদের মহাজড়ুয়াহিতে আসছেন মুখ্যমন্ত্রী , নিরাপত্তা প্রস্তুতিতে এসপি-র বৈঠক


 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :


পুরুলিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী। কুড়মি সমাজের মহা সম্মেলনে  আসছেন তিনি। আয়োজন হয়েছে ছয় লক্ষ লোকশিল্পীর করম নৃত্য। সঙ্গে হাজার হাজার মানুষের জমায়েত। ২০ সেপ্টেম্বরের সেই মহাজড়ুয়াহিকে ঘিরে তাই এখন থেকেই তৎপর পুরুলিয়া জেলা প্রশাসন। কোথায় হবে মঞ্চ, কোথায় বসবে করম নাচের আসর, কোথায় হবে হেলিপ্যাড, আর কোথায় বা হবে গাড়ি পার্কিং—সব খতিয়ে দেখতে বৃহস্পতিবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের কড়াডি মাঠ ঘুরে দেখলেন পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা। এখানেই আদিবাসী কুড়মি সমাজের করম পর্বতিয়া মহাজড়ুয়াহির আসর বসতে চলেছে। এ দিন সেখানে যান পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উৎকর্ষ সিং-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক।

আদিবাসী কুড়মি সমাজের প্রধান নেতা অজিতপ্রসাদ মাহাতো জানান, "গত কয়েক বছর ধরে এই সময়ে পুরুলিয়াবাসী রেল টেকা, ডহর ছেঁকার মতো আন্দোলন দেখে অভ্যস্ত ছিলেন। তবে এ বছরের ছবিটা একেবারেই আলাদা। এবার কুড়মি সমাজের কৃষ্টি ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আমরা ছয় লক্ষ লোকশিল্পীকে নিয়ে ঐতিহাসিক করম নাচের আসর ও মহাজড়ুয়াহির আয়োজন করেছি। প্রশাসনিক সহযোগিতা আমরা পূর্ণ মাত্রায় পাচ্ছি এবং এই অনুষ্ঠান কুড়মি সমাজের একতার এক নতুন অধ্যায় সূচনা করবে।"

প্রশাসনের তরফে জানানো হয়েছে, লক্ষ লক্ষ মানুষের জমায়েত সামাল দিতে এবং যানজট এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নিটোল নিরাপত্তা ছক সাজানো হচ্ছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনার পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে এদিনই আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রশাসনিক কর্তারা। বৈঠকে ছিলেন জেলাশাসক সুধীর কোন্থম, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)। এই মহাজড়ুয়াহিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে ওড়িশা ও অসমের মুখ্যমন্ত্রীকেও। উদ্যোক্তাদের দাবি, বাংলা ও ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় ৪০ হাজার করম দলের প্রায় ছয় লক্ষ কুড়মি লোকশিল্পী ওই অনুষ্ঠানে করম নৃত্য পরিবেশন করবেন। পাশাপাশি কুড়মি সম্প্রদায়ের বহু মানুষও উপস্থিত থাকবেন। গত কয়েক বছর এই সময় কুড়মি সমাজের রেল টেকা ডহর ছেঁকা দেখতে অভ্যস্ত ছিলো পুরুলিয়ার মানুষ। এবার তা থেকে একেবারে পৃথক ছবি।