সাধারণ খবর শহর

ক্রেতা সুরক্ষা সপ্তাহের সূচনায় পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়

জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম এবং পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। ফিতা কেটে ও পতাকা নেড়ে প্রচার গাড়িটির রওনা করান অতিথিরা।
ক্রেতা সুরক্ষা সপ্তাহের সূচনায় পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জেলাজুড়ে ক্রেতাদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল জেলা ক্রেতা সুরক্ষা ও ব্যবসায়িক দায়বদ্ধতা দপ্তর। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হতে চলেছে 'ক্রেতা সুরক্ষা সপ্তাহ'। সাধারণ মানুষকে নিজেদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করতে মঙ্গলবার জেলাশাসক দপ্তর থেকে একটি সুসজ্জিত ভ্রাম্যমাণ প্রচার গাড়ির সূচনা করা হয়।

জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম  এবং পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। ফিতা কেটে ও পতাকা নেড়ে প্রচার গাড়িটির রওনা করান অতিথিরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী এক সপ্তাহ ধরে এই প্রচার গাড়িটি পুরুলিয়া জেলার সমস্ত মহকুমা ও ব্লকের প্রত্যন্ত এলাকা পরিক্রমা করবে। মাইকিং, লিফলেট বণ্টন এবং অডিও-ভিজ্যুয়াল বার্তার মাধ্যমে বাজারে কেনাকাটার ক্ষেত্রে কারচুপি রোধ, পণ্য বা সেবার মান যাচাইয়ের উপায় এবং কোনো প্রতারণার শিকার হলে কীভাবে সরকারি ফোরামে অভিযোগ জানাতে হয় সেই বিষয়ে সাধারণ মানুষকে স্পষ্ট ধারণা দেওয়া হবে।