নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
সরকারি দপ্তর থেকে হাসপাতাল বা বিদ্যালয় অগ্নিসুরক্ষার পাঠ এবার পৌঁছে গেল মানুষের দোরগোড়ায়। মঙ্গলবার ও বুধবার দুদিন ধরে মানবাজারের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত হলো বিশেষ অগ্নি নির্বাপণ মহড়া ও মহকুমাস্তরের জরুরি সচেতনতা কর্মসূচি।
মানবাজার মহকুমা শাসকের প্রশাসনিক তদারকিতে এবং স্থানীয় ফায়ার স্টেশনের ব্যবস্থাপনায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার ও বুধবার এই দু’দিন ধরে চলা মহড়ায় যেকোনো জরুরি পরিস্থিতিতে কী করণীয়, তা হাতে-কলমে দেখানো হয়েছে।
মহড়ার মূল আকর্ষণে ছিল, আগুন লাগলে হুলস্থুল না বানিয়ে কীভাবে সঠিক 'ইমার্জেন্সি এক্সিট' বা জরুরি পথ ধরে নিরাপদে বেরিয়ে আসতে হয়, তার নকশা বুঝিয়ে দেন দমকল কর্মীরা।
সাধারণ মানুষ বা প্রতিষ্ঠানের কর্মীরা যাতে নিজেরাই প্রাথমিক অবস্থায় ফায়ার এক্সটিংগুইশার পরিচালনা করতে পারেন, তার বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।
ক্ষয়ক্ষতি কমানোর জন্য দমকল বাহিনী পৌঁছানোর আগে কীভাবে ঘরোয়া বা প্রাথমিক উপায়ে আগুনের ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব, তার কৌশল শেখানো হয়।
হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়গুলোকে এই মহড়ার আওতায় আনায় আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় মানবাজারজুড়ে প্রস্তুতি একধাপ এগিয়ে গেল।