নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
পুলিশ দিবস উপলক্ষে জয়পুর থানার ইন্সপেক্টর-ইন-চার্জ প্রসেনজিৎ জানা সহ পুলিশকর্মীদের সংবর্ধনা জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জয়পুর নগর ইউনিট। মঙ্গলবার থানায় গিয়ে পুলিশ আধিকারিক ও কর্মীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যেরা।
আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে পুলিশকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে এবিভিপি-র স্থানীয় নেতৃত্বের বক্তব্য, প্রতিকূল পরিস্থিতিতেও দিন-রাত এক করে কর্তব্য পালন করেন পুলিশকর্মীরা। তাঁদের সেই দায়িত্ববোধ ও জনসেবার প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচি।
এবিভিপি-র তরফে আরও জানানো হয়, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা জরুরি। পুলিশকর্মীদের কাজের প্রতি সম্মান জানানোও নাগরিকদের দায়িত্ব। জয়পুর থানার আধিকারিক ও কর্মীরা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন।