নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
রাতের অন্ধকারে পরপর আটটি বাড়িতে হানা দিয়ে তাণ্ডব চালানো দুষ্কৃতীদের অবশেষে পাকড়াও করল বলরামপুর থানার পুলিশ। বুধবার রাতে রসুলডি ও হরিপালডিহি গ্রামে একাধিক চুরির চাঞ্চল্যকর ঘটনায় আড়শার কান্টাডি থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে চুরি হওয়া বেশ কিছু সোনা, নগদ টাকা ও নিত্যব্যবহার্য জিনিসপত্রও বাজেয়াপ্ত করতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে দুই গ্রামের আটটি বসতবাড়ির গ্রিল ও তালা ভেঙে দুষ্কৃতী দলটি ভেতরে ঢোকে। নিমেষের মধ্যে নিয়ে নেয় সোনার অলঙ্কার ও নগদ টাকা। পরের দিন বুধবার এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের হতেই শুরু হয় তদন্ত।
গোপন সূত্রের খবর ও তদন্তের সূত্র ধরে দ্রুত অভিযান চালিয়ে আড়শা থানার কান্টাডি গ্রাম থেকে গ্রেফতার করা হয় তিন মূল অভিযুক্তকে। ২৫ বছরের লাদেন কেওড়া, ৩৮ বছরের শাহেনশাহ কেওড়া এবং ২৭ বছরের এরা ওরফে আরা কেওড়া।
বৃহস্পতিবার ধৃত তিনজনকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই চক্রটির সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে এবং চুরি যাওয়া সামগ্রীর পুরোটাই এখনও উদ্ধার বাকি। তাই মূল চক্রের শেকড় পর্যন্ত পৌঁছাতে এবং বাকি চোরাই জিনিসপত্র উদ্ধারের উদ্দেশ্যে ধৃতদের পুলিশ হেফাজত হয়েছে।
এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।