নিজস্ব প্রতিনিধি, আড়শা
জঙ্গল-পাহাড়ে হঠাৎ আগুন লাগলে কী করণীয়, তা নিয়ে হোটেল ও রিসর্ট মালিকদের সচেতন করতে বৈঠক করল আড়শা বনদফতর। একই সঙ্গে পর্যটন এলাকার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়। বৃহস্পতিবার সিরকাবাদ ফরেস্ট অফিসে আড়শা বন দফতরের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় প্রাথমিক ভাবে কী পদক্ষেপ করতে হবে এবং হোটেল-রিসর্টে অগ্নিনির্বাপণের কী কী সরঞ্জাম রাখা জরুরি, সে বিষয়ে বিস্তারিত বোঝানো হয়।
পাশাপাশি, অযোধ্যা পাহাড় সংলগ্ন জঙ্গলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পর্যটন কেন্দ্রগুলিকে আবর্জনামুক্ত রাখতে মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন উপস্থিত ছিলেন আড়শা বনদফতরের আধিকারিক আনোয়ার সাদাত সহ এলাকার বিভিন্ন হোটেল ও রিসর্টের মালিকেরা।