স্বাস্থ্য ব্লক

চলমান জীবনে সুস্বাস্থ্যের দৃষ্টান্ত হয়ে উঠছে ঝালদার কুশি ময়দান, যোগাভ্যাসের সেঞ্চুরি পূর্ণ

প্রাচীনধারা যেন বাস্তবে রূপ পেয়েছে পুরুলিয়ার ঝালদার কুশি রেলওয়ে গেট সংলগ্ন ফুটবল ময়দানে। খেলাধূলার পাশাপাশি এই মাঠ এখন হয়ে উঠেছে শতাধিক মানুষের নিয়মিত যোগাভ্যাসের এক পরিচিত ঠিকানা।
চলমান জীবনে সুস্বাস্থ্যের দৃষ্টান্ত হয়ে উঠছে ঝালদার কুশি ময়দান, যোগাভ্যাসের  সেঞ্চুরি পূর্ণ

 

 


সুইটি চন্দ্র,ঝালদা:

মুনি, যোগীরা বহুদিন আগে সুস্বাস্থ্যের যে বার্তা দিয়ে গিয়েছিলেন নিয়মিত যোগাভ্যাস। বর্তমানের যান্ত্রিক জীবনে এসব কথাকে অনেকেই এখন রূপকথা বা উপাখ্যান বলে মনে করেন। কিন্তু সেই প্রাচীনধারা যেন বাস্তবে রূপ পেয়েছে পুরুলিয়ার ঝালদার কুশি রেলওয়ে গেট সংলগ্ন ফুটবল ময়দানে। খেলাধূলার পাশাপাশি এই মাঠ এখন হয়ে উঠেছে শতাধিক মানুষের নিয়মিত যোগাভ্যাসের এক পরিচিত ঠিকানা।

গত ২৮ শে মে সমাজসেবী তথা বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতোর তত্ত্বাবধানে এই যোগ শিবিরের পথ চলা শুরু হয়েছিল। শুক্রবার দেখতে দেখতে এই বিশেষ উদ্যোগ ১০০ দিনে পদার্পণ করলো। শুরুটা হয়েছিল মাত্র কয়েকজন হাতেগোনা যুবককে নিয়ে। কিন্তু আজ সেই সংখ্যাটা ৫০০ ছাড়িয়েছে।  বালক-বালিকা থেকে শুরু করে কিশোর-কিশোরী, যুবক-যুবতী, মধ্যবয়স্ক এবং প্রবীণ নাগরিকরা প্রতিদিন সকালে এখানে নিয়মিত যোগাভ্যাস করছেন। স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন এলাকার মহিলারাও। যোগ দিয়েছেন সাধুরাও। আন্তর্জাতিক যোগ দিবসের আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বার্তার অনুপ্রেরণাতেই এই উদ্যোগ। ১০০ দিনের এই বিশেষ উদযাপনে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি, জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো, ঝালদার পুরপ্রধান বিজয় কান্দু 
প্রমুখ। ওই শিবিরে আসা এক সাধু কথায়, "প্রতিদিন সকালে এই মাঠে এসে যোগাভ্যাস করার পর সারাদিনের কাজের জন্য আলাদা শক্তি পাই। স্বাস্থ্যই যে আসল সম্পদ, তা এই শিবিরে এসে বুঝতে পেরেছি।" এই উদযাপন প্রসঙ্গে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো জানান, "সুস্থ ও নিরোগ সমাজ গড়ে তুলতেই এই প্রয়াস। মাত্র কয়েকজন সদস্যকে নিয়ে শুরু হলেও আজ এটি 
স্বাস্থ্য সচেতনতার আন্দোলনে রূপ নিয়েছে। সাধারণ মানুষের এই উৎসাহই আমাদের বড় প্রাপ্তি।" অন্যদিকে, মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাভ্যাসের বার্তা আজ দেশের কোণে কোণে পৌঁছে গিয়েছে। ঝালদার এই কুশি ফুটবল ময়দান তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ প্রশংসনীয়।"
উদ্যোক্তারা জানিয়েছেন, ১০০ দিন পেরিয়ে গেলেও এই যাত্রা থামবে না। রোদ, ঝড় কিংবা বৃষ্টি সব বাধা অতিক্রম করে কুশি ফুটবল ময়দান নিয়মিত যোগচর্চার মাধ্যমে আগামী দিনেও সুস্থ জীবনের দিশারী হয়ে থাকতে চায়।