নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
রাজনীতিতে নতুন মোড় ঝালদা ২ নম্বর পঞ্চায়েত সমিতির । সভাপতি দীপক সিং -এর চেয়ার টলাতে একজোটে ময়দানে নেমেছে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত দেওয়া যৌথ মঞ্চ। আর সেই অনাস্থা প্রস্তাবের জল এবার গড়িয়েছে প্রশাসনিক টেবিলে। আবেদনপত্রে জমা পড়া সই আসল নাকি ভুয়ো, তা নিশ্চিত করতেই সোমবার মহকুমা শাসকের অফিসে তলব করা হলো অনাস্থা আনা ১৬ জন পঞ্চায়েত সমিতি সদস্যকে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সভাপতি দীপক সিং-এর কাজের প্রতি অনাস্থা জানিয়ে ঝালদা মহকুমা শাসকের কাছে চিঠি জমা দিয়েছিলেন বিরোধীরা। মোট ২৬টি আসনের পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ হিসেবে ১৬ জনের সই সম্বলিত আবেদনপত্রটি জমা পড়ে। অদ্ভুতভাবে, সভাপতিকে সরানোর এই অনাস্থা চিঠিতে হাত মিলিয়েছে শাসক ও বিরোধী দল। সইকারীদের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের ৮ জন, কংগ্রেসের ৬ জন এবং কুড়মি সমাজের ২ জন প্রতিনিধি।
সোমবারের এই 'ভেরিফিকেশন' প্রক্রিয়া নিয়ে এলাকায় তীব্র কৌতূহল তৈরি হয়। মহকুমা শাসক দপ্তরে নির্ধারিত প্রক্রিয়া মেনে ওই ১৬ জন সদস্যের বায়ো-ডাটা এবং সই মিলিয়ে দেখা হয়। প্রক্রিয়া শেষে অনাস্থাকারী তৃণমূল কংগ্রেসের সদস্য দিলীপ সাউ জানান, "আমাদের অটুট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। চিঠির সত্যতা যাচাই করতেই মহকুমা শাসক আমাদের ডেকেছিলেন, আমরা ১৬ জনই উপস্থিত থেকে সই যাচাই করিয়েছি।"
প্রশাসনিক পর্যায় থেকে সই যাচাইয়ের কাজ শেষ হলেও এখন মূল প্রশ্ন— পরবর্তী আইনি পদক্ষেপ এবং ভোটাভুটির দিন কবে ঘোষণা হবে? একদিকে স্থানীয় স্তরে জটিল রাজনৈতিক সমীকরণ, অন্যদিকে প্রশাসনিক পদক্ষেপ।