সাধারণ খবর ব্লক

পুরুলিয়া পুলিশের জরুরি ফোন নাম্বার বিলি বাঁচালো জীবন! সাঁতুড়িতে রোখা গেলো যুবকের আত্মহত্যা

একটি অমূল্য জীবন বাঁচাল পুরুলিয়া জেলা পুলিশের মানবিক উদ্যোগ। জেলা পুলিশ সুপারের ফোন নম্বর বিতরণ কর্মসূচি যে কতটা কার্যকরী হতে পারে, তার এক জ্বলন্ত প্রমাণ মিলল সোমবার রাতে। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হলো এক যুবককে।
পুরুলিয়া পুলিশের জরুরি ফোন নাম্বার বিলি বাঁচালো জীবন! সাঁতুড়িতে রোখা গেলো যুবকের আত্মহত্যা

সুইটি চন্দ্র, পুরুলিয়া

একটি অমূল্য জীবন বাঁচাল পুরুলিয়া জেলা পুলিশের মানবিক উদ্যোগ। জেলা পুলিশ সুপারের ফোন নম্বর বিতরণ কর্মসূচি যে কতটা কার্যকরী হতে পারে, তার এক জ্বলন্ত প্রমাণ মিলল সোমবার রাতে। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হলো এক যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সাঁতুড়ি থানায় একটি জরুরি ফোন আসে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি জানান, স্ত্রীর সাথে মারাত্মক পারিবারিক বিবাদের জেরে তিনি চরম পথ বেছে নিতে চলেছেন। এবং কিছুক্ষণের মধ্যেই আত্মহত্যা করবেন। নিজেকে পুরুলিয়ার সাঁতুড়ি থানার পলাশপাহাড়ি গ্রামের বাসিন্দা রাজীব হাঁড়ি বলে পরিচয় দেন ওই যুবক।
কর্তব্যরত পুলিশ আধিকারিকরা বুঝতে পারেন যুবকটি তীব্র মদ্যপ অবস্থায় রয়েছেন এবং যেকোনো মুহূর্তে নিজের বড়সড় ক্ষতি করে বসতে পারেন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সময় নষ্ট না করে সাঁতুড়ি থানার একটি বিশেষ পুলিশ দল অবিলম্বে পলাশপাহাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
গ্রামে পৌঁছে দ্রুত খোঁজ শুরু করে পুলিশ। দেখা যায়, ওই গ্রামেই সেই যুবক একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। অত্যন্ত তৎপরতার সাথে পুলিশ কর্মীরা তাকে গাছ থেকে নামিয়ে আনেন। যুবকের দেহে তখনও প্রাণস্পন্দন থাকায় তৎক্ষণাৎ তাকে তার বাবার উপস্থিতিতে উদ্ধার করে নিকটবর্তী মুরাড্ডি গ্রামীণ হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুবকের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন এবং সম্পূর্ণ বিপদমুক্ত ও সুস্থ রয়েছেন।

পুলিশ সুপারের দেওয়া নম্বরে সঠিক সময়ে যোগাযোগ করতে পারায় এবং পুলিশের এই মানবিক ও দ্রুত ভূমিকার কারণে একটি তরতাজা প্রাণ রক্ষা পাওয়ায় জেলা জুড়ে প্রশংসিত হচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ।